০২ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): করোনায় গণপরিবহন শ্রমিকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এজন তিনি গণপরিবহন শ্রমিকদের পাশে থাকার ঘোষণাও দিয়েছেন।
সোমবার সায়েদাবাদ বাস টার্মিনালে কর্মহীন সড়ক পরিবহন শ্রমিকদের মাঝে মানবিক সহায়তা হিসেবে চাল বিতরণ অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন।

তিনি বলেন, করোনা মহামারিতে গণপরিবহন বিশেষ করে গণপরিবহনের শ্রমিক ভাইয়েরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। তারা কারও কাছে হাতও পাততে পারছে না। নীরবে-নিভৃতে নিষ্পেষিত হচ্ছে। তাই, দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় সায়েদাবাদ বাস টার্মিনাল এবং ফুলবাড়িয়া ও গুলিস্তান টার্মিনালে যত শ্রমিক রয়েছে, তাদের জন্য প্রধানমন্ত্রীর বরাদ্দ থেকে ১০০ টন খাদ্য শস্য এবার বরাদ্দ নিশ্চিত করা হয়েছে। দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় যত বরাদ্দ পাওয়া যাবে, এখন থেকে চেষ্টা করবো যেন তার একটি অংশ শ্রমিক ভাইয়েরা পায়।
এখনও আমরা করোনা মহামারির মাঝে বিরাজমান উল্লেখ করেন মেয়র। বলেন, করোনা মহামারির মাঝেও মানুষ যাতে জীবন ও জীবিকার মাঝে স্বাচ্ছন্দে থাকতে পারে, অর্থনীতির চাকা সচল থাকে, মানুষ যেন ভালো থাকে, দুর্ভোগে না থাকে, সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন।
এ সময় মেয়র আরও বলেন, সায়েদাবাদ বাস টার্মিনালের আধুনিকায়নের কার্যক্রম হাতে নেয়া হয়েছে। শ্রমিক ভাইয়েরা কিভাবে থাকবেন, কিভাবে তাদের সুযোগ-সুবিধা নিশ্চিত করা যায় সে বিষয়গুলো নতুন প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে। একটি আধুনিক টার্মিনাল ঢাকাবাসীকে উপহার দেয়া হবে।
ঢাকা মহানগর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজী সেলিম সরোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী মনিরুল ইসলাম মনু বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সচিব আকরামুজ্জামান, অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকার, ৪৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী আবুল কালাম অনু, ৪০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম আজাদ মিন্টু, ১৫ নম্বর সংরক্ষিত আসনের কাউন্সিলর নাজমা বেগমসহ অন্যরা উপস্থিত ছিলেন।
মেয়র শেখ ফজলে নূর তাপস/এসকেএম















