করোনা ভ্যাকসিনের সফল ট্রায়াল

করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিস্কার নিয়ে নাটক হয়েছে অনেক। নানা গ্রুপের করা দাবিও শেষ পর্যন্ত ধোপে টেকেনি। তবে প্রথমবারের মত মুখ খুললো রাশিয়া। জানিয়েছে, তাদের ভ্যাকসিনের মানবদেহে ক্লিনিক্যাল ট্রায়াল সফলভাবে শেষ হয়েছে।

সেশনভ ফার্স্ট স্টেট মেডিকেল ইউনিভার্সিটি-তে করোনা ভ্যাকসিন নিয়ে গবেষণা শেষ পর্যায়ে

রুশ সরকারি বার্তা সংস্থা স্পুটনিক জানিয়েছে, সেশনভ ফার্স্ট স্টেট মেডিকেল ইউনিভার্সিটির গবেষকরা তাদের তৈরি ভ্যাকসিন নিয়ে আশাবাদী। ইতোমধ্যে মানবদেহে ক্লিনিক্যাল ট্রায়ালেও তারা সফল হয়েছে। ১৮ জুন তাদের এই ট্রায়াল শুরু হয়েছিল।

ইনস্টিটিউট অব ট্রান্সলেশনাল মেডিসিন অ্যান্ড বায়োটেকনলজির পরিচালক ভ্লাদিম তারাসভ জানিয়েছেন, করোনা ভাইরাসের বিরুদ্ধে বিশ্বে প্রথমবারের মত স্বেচ্ছাসেবকদের ওপর সফলভাবে পরীক্ষা সম্পন্ন করেছে সেশনভ ইউনিভার্সিটি। ভ্যাকসিন তৈরিতে তাদের এই গবেষণায় যুক্ত ছিল গামালেই ইনস্টিটিউট অব এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি।

স্পুটনিক তার খবরে জানিয়েছে, প্রায়ালে অংশ নেয়া স্বেচ্ছাসেবীদের প্রথম দলটিকে গবেষণা কেন্দ্র থেকে বিদায় জানানো হবে আগামী বুধবার (১৫ জুলাই)। এর পাঁচ দিন পর ২০ জুলাই সোমবার ছাড়া পাবেন দ্বিতীয় দলের স্বেচ্ছাসেবীরা।

গবেষণা ও মানবদেহে ট্রায়াল সম্পর্কে সেশনভ ইউনিভার্সিটির ইনস্টিটিউট অব প্যারাসাইটোলজি’র পরিচালক আলেকজান্ডার লুকাশভ জানান, গবেষণার প্রাথমিক লক্ষ্য ছিল ভ্যাকসিনটি মানবদেহের জন্য নিরাপদ কিনা তা নিশ্চিত করা। মানবদেহে ট্রায়ালের পর তা কারও শরীরে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেনি বলে জানিয়েছেন লুকাশভ।

তার ভাষ্য, গবেষণা সফল হয়েছে। ভ্যাকসিনটি যে নিরাপদ সে বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।

তবে ভ্যাকসিনের বাণিজ্যিক উৎপাদন সম্পর্কে লুকাশভ কোন আভাষ দেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *