০৩ জুন ২০২১ (নিউজ ডেস্ক): যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, বর্তমান সরকারের সঠিক ও সময়োপযোগী পদক্ষেপের কারনে দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পাশ্ববর্তী দেশ ভারতসহ সারা বিশ্ব যখন করোনা ভাইরাস মোকাবেলায় হিমশিম খাচ্ছে, তখন জীবন ও জীবিকার অপূর্ব সমন্বয়ের মাধ্যমে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে শেখ হাসিনার নেতৃত্ব বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে।
বৃহস্পতিবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আমাদের প্রধানমন্ত্রী শুধু করোনা নিয়ন্ত্রণেই সফল নেন, তিনি দেশের সব উন্নয়ন কর্মযজ্ঞ সফল ভাবে বাস্তবায়ন করে চলেছেন। পদ্মা সেতু, মেট্রোরেল, রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো মেগাপ্রজেক্টসহ সব অবকাঠামোগত উন্নয়ন যেমন অব্যাহত রয়েছে তেমনিভাবে ক্রীড়াঙ্গনের উন্নয়নে তিনি আন্তরিকভাবে কাজ করে চলেছেন।
প্রতিমন্ত্রী যুব ও ক্রীড়া সচিবকে সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি প্রদান করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন এটা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভালো কাজের স্বীকৃতি।
প্রতিমন্ত্রী এসময়ে মন্ত্রণালয়ের সব কর্মকর্তা কর্মচারীকে আন্তরিকভাবে সততাও নিষ্ঠার সাথে সরকারের চলমান কর্মসূচি বেগবান করার মধ্যে দিয়ে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে অবদান রাখার আহ্বান জানান।
যুব ও ক্রীড়া সচিব মোহাম্মদ আখতার হোসেন সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি প্রাপ্তি উপলক্ষে মন্ত্রণালয়ের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ আখতার হোসেনসহ মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
জাহিদ আহসান/এসকেএম















