কান্দাহার বিমানবন্দরে রকেট হামলা

০১ আগস্ট ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, আফগানিস্তান): আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারের বিমানবন্দরে রকেট হামলা চালিয়েছে তালেবান।

শনিবার রাতে এ হামলার ঘটনা ঘটে বলে দেশটির এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

কান্দাহার বিমানবন্দরের প্রধান মাসউদ পাশতুন জানায়, গত রাতে বিমানবন্দরে তিনটি রকেট আঘাত হেনেছে। এর মধ্যে দুইটি রকেট রানওয়েতে আঘাত হানে। যার কারণে বিমানবন্দর থেকে শিডিউল অনুযায়ী নির্ধারিত সব ফ্লাইট বাতিল করা হয়েছে।

তিনি বলেন, রানওয়ে মেরামতের কাজ চলছে। রোববার দিনের শেষ ভাগে বিমানবন্দরের কার্যক্রম ফের শুরু হতে পারে বলে আমরা আশা করছি।

কান্দাহারসহ আফগানিস্তানের একাধিক গুরুত্বপূর্ণ শহরের নিয়ন্ত্রণ নিতে তালেবান হামলা চালেয়েছে বলে আজ বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে জানানো হয়েছে। বাকি দুইটি শহর হলো হেরাত ও লস্করগাহ। এই শহরগুলো ঘিরে সরকারি বাহিনীর সাথে তালেবানের লড়াই জোরদার হচ্ছে। আফগানিস্তানের সরকারি বাহিনীর কাছ থেকে এই তিনটি শহরের নিয়ন্ত্রণ নিজেদের দখলে নিতে চায় তালেবান।

কান্দাহারের আইন প্রণেতা গুল আহমেদ করিম বিবিসিকে জানিয়েছেন, যেকোনও সময় শহরটির পতন ঘটতে পারে। এরই মধ্যে কান্দাহারের হাজার হাজার বাসিন্দা বাড়িঘর ছেড়ে চলে গেছে। ২০ বছরের মধ্যে সেখানে এমন যুদ্ধাবস্থা দেখা যায়নি। ঘণ্টায় ঘণ্টায় সেখানকার পরিস্থিতির অবনতি ঘটছে বলেও জানান তিনি।

রকেট হামলা/এসকেএম