কাল থেকে গরু ছাগলের হাট

ঈদুল আযহা উপলক্ষে রাজধানীতে ১৭টি হাটে কুরবানীর পশু কেনা-বেঁচা শুরু হবে আগামীকাল। এর মধ্যে ১৬টি অস্থায়ী ও ১টি স্থায়ী হাট রয়েছে।

সতেরটি হাটের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় ১১টি এবং উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকায় ৬টি হাট ইজারা দেয়া হয়েছে।

করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে পশু কেনাবেচার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকার দুই সিটি কর্পোরেশন।

ডিএসসিসি এলাকার কমলাপুর লিটল ফ্রেন্ডস ক্লাবের পাশে গোপীবাগ বালুর মাঠ ও কমলাপুর স্টেডিয়ামের পাশে বিশ্বরোডের আশপাশের খালি জায়গা, আফতাবনগরে ই-এফ-জি ব্লকের সেকশন ১ ও ২ নম্বর এলাকা, হাজারীবাগ লেদার টেকনোলজি কলেজের পাশের খালি জায়গা, উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজারের মৈত্রী সংঘের মাঠ পাশের খালি জায়গা, পোস্তগোলা শ্মশানঘাট এলাকার খালি জায়গা, মেরাদিয়া বাজারের আশপাশের খালি জায়গা, দনিয়া কলেজ মাঠের পাশের খালি জায়গা, ধূপখোলা মাঠ এলাকার খালি জায়গা, ধোলাইখাল ট্রাক টার্মিনালের পাশে উন্মুক্ত জায়গা, আমুলিয়া মডেল টাউনের খালি জায়গা এবং রহমতগঞ্জ খেলার মাঠের আশপাশের খালি জায়গায় অস্থায়ীভিত্তিতে পশুর হাট বসবে।

ডিএনসিসি এলাকার ৬টি হাটের মধ্যে ১টি স্থায়ী এবং ৫টি অস্থায়ী হাট। স্থায়ী হাটটি গাবতলীতে। এছাড়া উত্তরা ১৭ নম্বর সেক্টরে বৃন্দাবন থেকে উত্তর দিকে বিজিএমইএ ভবন পর্যন্ত খালি জায়গা, কাওলা শিয়াল ডাঙার পাশের খালি জায়গা, ৪৩ নম্বর ওয়ার্ডের পূর্বাচল ব্রিজের পাশের মস্তুল ডুমনী বাজারমূখী রাস্তার দুই পাশের খালি জায়গা, ভাটারা (সাইদ নগর) পশুর হাট এবং উত্তরখান মৈনারটেক হাউজিং প্রকল্পের খালি জায়গায় হাট বসবে।

এছাড়া করোনা ভাইরাসের গণসংক্রমণ রোধে ই-কমার্স অব বাংলাদেশ (ইক্যাব)-এর সহায়তায় অনলাইনে কোরবানি পশু কিনে অনলাইনের মাধ্যমে কোরবানি, মাংস প্রক্রিয়াকরণ এবং বাসায় পৌঁছানোর ব্যবস্থা করেছে উত্তর সিটি করপোরেশন।

করোনা ভাইরাসের গণসংক্রামণ রোধে স্বাস্থ্যবিধি মেনে ক্রেতা-বিক্রেতারা যাতে হাটে গরু বেচাকেনা করতে পারে এজন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ডিএসসিসি’র প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন। তিনি জানান, ডিএসসিসি এলাকার ১১টি পশুর হাটে স্বাস্থ্যবিধি মানতে ১১টি মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। প্রতিটি কমিটিতে একজন করে ম্যাজিস্ট্রেট থাকবেন। নির্ধারিত গাইডলাইনের বাইরে কোন অনিয়ম দেখা গেলে সাথে সাথে ব্যবস্থা নেয়া হবে। এমনকি সংশ্লিষ্ট হাটের ইজারাও বাতিল করা হতে পারে।

ডিএনসিসি’র প্রধান সম্পত্তি কর্মকর্তা মোজাম্মেল হক জানিয়েছেন, ডিএনসিসি এলাকার পশুর হাটে আগামীকাল সোমবার থেকে কোরবানির পশু কেনাবেচা শুরু হবে। ঈদের দিন পর্যন্ত হাট চালু থাকবে।

তিনি জানান, কোরবানি পশুর হাটে স্বাস্থ্যবিধি ও অন্যান্য শর্ত সঠিকভাবে বাস্তবায়নে ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মফিজুর রহমানকে আহ্বায়ক করে ১০ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

তিনি জানান, স্বাস্থ্যবিধি ও অন্যান্য শর্ত মানা হচ্ছে কিনা তা তদারক করতে প্রতিটি হাটে মোবাইল কোর্ট পরিচালিত হবে।

এছাড়াও হাটের আইনশৃঙ্খলা ও জনস্বাস্থ্য সুরক্ষায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের ভেটেরিনারি বিভাগের একাধিক টিমসহ বিভিন্ন সংস্থা ও বিভাগে সার্ভিলেন্স টিম গরুর হাটে মোতায়েন থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *