নিউজ ডেস্ক: কৃষি দেশের সার্বিক উন্নয়নে ও কৃষকের উন্নত জীবনমানের হাতিয়ারে পরিণত হবে। এমনটাই বলেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক।
মঙ্গলবার দিনাজপুরের নশিপুরে সাংবাদিকদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এর আগে মন্ত্রী বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের সদর দপ্তরে ঘাতসহনশীল গবেষণা কমপ্লেক্স উদ্বোধন, গ্রিন হাউসে বিভিন্ন গবেষণা কার্যক্রম ও বঙ্গবন্ধু কর্ণার পরিদর্শন এবং প্রতিষ্ঠানটির বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালার উদ্বোধন করেন।
আব্দুর রাজ্জাক বলেন, কৃষিকাজ করে কৃষক শুধু খেয়েপরে আর গামছা-লুঙ্গি পরে কোনরকমে বেঁচে থাকবে সেটি আর থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার কৃষিকে আধুনিক ও লাভজনক করতে নিরলস কাজ করছে যাতে কৃষি দেশের সার্বিক উন্নয়ন ও কৃষকের উন্নত জীবনের মূল হাতিয়ারে পরিণত হতে পারে। সে লক্ষ্যেই বর্তমান সরকার কৃষিতে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করছে।
তিনি বলেন, আমাদের মূল খাদ্য চালের পাশাপাশি গম ও ভুট্টার চাহিদাও বাড়ছে। ভুট্টা উৎপাদনে আমরা খুবই সফল হয়েছি। ২০০৮-’০৯ সালে ভুট্টার উৎপাদন ছিল মাত্র ৬ লাখ টন ছিল, তা বেড়ে ৬৭ লাখ টনে উন্নীত হয়েছে। নানান সমস্যা থাকায় গমের উৎপাদন তেমন বাড়েনি, বছরে প্রায় ৬০ লাখ টন গম আমদানি করতে হয়। তবে দেশের বিজ্ঞানীরা সম্প্রতি গমের উন্নত সম্ভাবনাময় জাত উদ্ভাবন করেছে। আশা করছি, এগুলো চাষের মাধ্যমে আমরা গমের আমদানি অনেকটা কমিয়ে আনতে পারব।
পেঁয়াজ, আলু, ডিমের দাম প্রসঙ্গে মন্ত্রী বলেন, এসব পণ্যের দাম বৃদ্ধি সাময়িক ব্যাপার, শীঘ্রই দাম কমে আসবে। আর ডিম আমদানির ফলে দেশের খামারিরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকেও খেয়াল রাখা হচ্ছে।
এসময় নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, গম ও ভুট্টা ইনস্টিটিউটের মহাপরিচালক গোলাম ফারুক, বিএআরসির নির্বাহী চেয়ারম্যান শেখ মোহাম্মদ বখতিয়ার, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক তাজুল ইসলাম পাটোয়ারী, ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক শাহজাহান কবীর, পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক মির্জা মোফাজ্জল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।
কৃষিমন্ত্রী/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply