২৮ জুন ২০২১ (নিউজ ডেস্ক): দেশের সড়ক, মহাসড়ক ও এক্সপ্রেসওয়েগুলোর ব্যবস্থাপনায় ‘মহাসড়ক আইন, ২০২১’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। একইসঙ্গে ‘বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১’-এর খসড়ারও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে।
কোন কোন সড়কে টোল আদায় করা হবে তা ‘মহাসড়ক আইন, ২০২১’- এর বিধি অনুযায়ী নির্ধারণ করা হবে। কোন ব্যক্তি এই আইন অমান্য করলে তাকে দুই বছর পর্যন্ত কারাদণ্ড প্রদান এবং পাঁচ হাজার টাকা থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত জরিমানা করার বিধান রাখা হয়েছে।
অন্যদিকে ‘বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে ১৯৮৬ সালের অর্ডিন্যান্সকে বদলে বিশেষ কোনো পরিবর্তন না করে।
সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদের মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
পরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন। জানান, দেশের সড়কগুলোর ব্যবস্থাপনায় ‘মহাসড়ক আইন, ২০২১’ করা হচ্ছে।
তিনি বলেন, সরকার বা সরকারের ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি মহাসড়ক উন্নয়ন, মেরামত বা রক্ষণাবেক্ষণ, মহাসড়ক সংশ্লিষ্ট স্যুয়ারেজ সিস্টেম, ড্রেন, কালভার্ট, সেতু নির্মাণ ও সংস্কার করবে। ১৯২৫ সালের হাইওয়ে অ্যাক্ট রহিত করে নতুন এই আইন করা হচ্ছে।
তিনি আরও বলেন, সড়ক, মহাসড়ক ও এক্সপ্রেসওয়েতে বিধি অনুযায়ী টোল আদায় করা যাবে। সব সড়কেই টোল আদায় করা যাবে না। এলিভেটেড এক্সপ্রেসওয়ের সবগুলোতে টোল নিতে হবে। পিপিপি’র মাধ্যমে যে প্রজেক্টগুলো হবে সেগুলোতে টোল দিতে হবে। সেতু বিভাগ টোল ঠিক করবে।
দেশে হাইওয়ে রক্ষণাবেক্ষণে এতদিন আইন ছিল না। এখন সমন্বিত একটি আইন করা হচ্ছে উল্লেখ করে আনোয়ারুল ইসলাম বলেন, এই আইন অমান্য করলে দুই বছর পর্যন্ত কারাদণ্ড, পাঁচ হাজার টাকা থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত দণ্ড দেয়া যাবে।
এছাড়া ‘বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব বলেন, বিশেষ কোনো পরিবর্তন না করে ১৯৮৬ সালের অর্ডিন্যান্সকে বদলে নতুন আইন করা হচ্ছে।
কেবিনেট/এএমএম/কিউটি















