১ জুলাই ২০২২ (নিউজ ডেস্ক): কোরবানির আয়োজনে অভাবনীয় সুযোগ তৈরি করেছে পদ্মাসেতু এবং কোরবানিকেন্দ্রিক অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলেছে। এমনটাই বলেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘পদ্মাসেতুর সম্ভাবনা: দেশীয় পশুতে কোরবানি, খামারিদের সমস্যা ও করণীয়’ বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা কলেন।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশপ্রেম, দূরদৃষ্টি, সততা, আত্মবিশ্বাস ও দৃঢ়তার কারণেই পদ্মাসেতু নির্মাণ করা সম্ভব হয়েছে। এ সেতু উদ্বোধনের মধ্যদিয়ে দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে উন্মোচিত হযেছে নতুন দিগন্ত।
‘পদ্মাসেতু আমাদের অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রেও সৃষ্টি করেছে বিশাল সম্ভাবনা’ উল্লেখ করেন মন্ত্রী। বলেন, কোরবানির পশু নিয়ে রাজধানীতে আসতে এক সময় ফেরিঘাটে এসে দুই-তিনদিন অপেক্ষা করতে হতো। কিন্তু পদ্মাসেতু যান চলাচলের জন্য খুলে দেয়ায় ঢাকা ও দেশের অন্যান্য জায়গায় কোরবানির পশু নিয়ে এখন আর ঘাটে ফেরির জন্য অপেক্ষা করতে হবে না।
মন্ত্রী বলেন, বাড়িতে বা রাস্তায় কোরবানির পশু বিক্রি করলে কোন হাসিল দিতে হবে না। কেউ খামারিদের বাজারে এনে পশু বিক্রিতে বাধ্য করতে পারবে না। তবে, কোরবানির পশু বাড়িতে বিক্রি করলে নিকটবর্তী বাজার ইজারাদারও চাঁদা আদায়ের কথা বলতে পারবে না।
শ ম রেজাউল করিম জানান, যানবাহন চলাচলে বিঘ্নঘটে এমন কোনও স্থানে পশুর হাট বসতে পারবে না। নির্ধারিত জায়গায় হাট বসবে। প্রতিটি স্বীকৃত হাটে প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি মেডিকেল ব্যবস্থাপনা থাকবে। অস্বাস্থ্যকর ও রোগগ্রস্ত পশু বেচাকেনা না হয়, সেব্যাপারেও থাকবে কঠোর নজরদারি। হাটে বিনামূল্যে পশু পরীক্ষার ব্যবস্থার পাশপাশি আর্থিক লেনদেনের জন্য স্মার্ট ব্যাংকিং ব্যবস্থা থাকবে। এভাবে ক্রেতা-বিক্রেতা ও ভোক্তার জন্য একটি নিরাপদ ব্যবস্থাপনা নিশ্চিত হবে।
ফিশারিজ অ্যান্ড লাইভস্টক জার্নালিস্ট ফোরামের সভাপতি এমএ জলিল মুন্না রায়হানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার মনজুর মোহাম্মদ শাহজাদা ও বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর এসএম জাহাঙ্গীর হোসেন।
শ ম রেজাউল করিম/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply