ক্ষতিপূরণ পাবেন ব্যাংক কর্মকর্তা-কর্মচারিরা

১৯ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক): দায়িত্ব পালন করতে গিয়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেলে ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারিদের পরিবারকে বিশেষ ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ঝুঁকি বিবেচনায় নিয়ে গ্রাহক সেবা দিতে কর্মকর্তা-কর্মচারিদের উৎসাহ জোগাতে এমন নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে। দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালকদের কাছে এই নির্দেশনা পাঠানো হয়।

সার্কুলারে বলা হয়েছে, ব্যাংকের প্রথম শ্রেণির কোন কর্মকর্তা কোভিড-১৯ রোগে মারা গেলে তার স্বামী বা স্ত্রী বা সন্তান ৫০ লাখ টাকা পাবেন। অবিবাহিত কেউ মারা গেলে তার বাবা-মা পাবেন এই ৫০ লাখ টাকা।

সার্কুলারে বলা হয়েছে,প্রথম শ্রেণির কর্মকর্তা বা সিনিয়র অফিসার বা প্রবেশনারি অফিসার বা ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার বা সমমান হতে তদূর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তারা অনাকাঙ্খিতভাবে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে তার স্বামমী বা স্ত্রী বা সন্তান এবং অবিবাহিতদের ক্ষেত্রে তার বাবা-মা ৫০ লাখ টাকা পাবেন।

নির্দেশনায় আরও বলা হয়, ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার বা সমমান হতে এক ধাপের পূর্ব পর্যন্ত পদমর্যাদার কর্মকর্তারা করোনায় আক্রান্ত হয়ে মারা গেলে তাদের পরিবার পাবে ৩৭ লাখ ৫০ হাজার টাকা। আর স্টাফ ও সাব-স্টাফ (যে কোন প্রক্রিয়ায় নিয়োগকৃত বা নিয়োজিত) ব্যক্তিরা করোনায় আক্রান্ত হয়ে মারা গেলে তার পরিবার পাবে ২৫ লাখ টাকা।

এ বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষকে সুনির্দিষ্টভাবে বলে দেয়া হয়েছে, করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া কর্মকর্তা বা কর্মচারির ক্ষেত্রে ব্যাংকে তার অন্য কোন দায়-দেনার সাথে এই ক্ষতিপূরণের অর্থ সমন্বয় করা যাবে না। এ ক্ষতিপূরণ বর্তমানে প্রচলিত অন্য যে কোন প্রজ্ঞাপন, আদেশ, নীতিমালায় বর্ণিত কর্মকালীন মৃত্যুবরণের ক্ষেত্রে প্রযোজ্য আর্থিক সহায়তা ও অনুদানের অতিরিক্ত হিসেবে প্রদেয় হবে।

কেন্দ্রীয় ব্যাংক এই নির্দেশনাকে গত ২৯ মার্চ থেকে কার্যকর বলে সার্কুলারে উল্লেখ করেছে।

তবে সোমবার রাত সাড়ে ৯টা পর্যন্ত এই সার্কুলারটি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে আপলোড করা হয়নি।

ক্ষতিপূরণ/আরএম/রমু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *