ক্ষোভ প্রকাশ করলেন পররাষ্ট্রমন্ত্রী

২৫ মে ২০২১ (নিউজ ডেস্ক): ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূতের বক্তবে ক্ষোভ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আবদুল মোমেন। বলেছেন, বাংলাদেশের সিদ্ধান্ত বাংলাদেশ নিবে। অন্য কে কি বললেন তা একেবারেই অপ্রাসঙ্গিক। বাংলাদেশের পাসপোর্ট থেকে ইসরায়েল ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার ইস্যুতে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের মন্তব্যে এমন কথা বললেন।

মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে একটি অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করলেন।

গেল সোমবার ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসেফ রামাদান প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশের সমালোচনা করেন। বাংলাদেশের নতুন পাসপোর্টে ইসরায়েল ইস্যুতে আনা পরিবর্তনকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেন। বিষয়টি বাংলাদেশ সরকারকে আবারও বিবেচনার অনুরোধ জানিয়ে বলেন, এ ঘটনায় আমরা খুশি হতে পারিনি। কিন্তু এটি বাংলাদেশের সিদ্ধান্ত।

এর আগে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পাসপোর্টকে আন্তর্জাতিকমানে উন্নীত করার প্রসঙ্গের কথা জানিয়েছিলেন। রাষ্ট্রদূত রামাদান স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে প্রশ্ন রাখেন, আপনি কি বলছেন, গত ৫০ বছর ধরে বাংলাদেশি পাসপোর্ট আন্তর্জাতিক মান বজায় রাখেনি?

ইউসেফ রামাদান প্রশ্ন করেন, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার মত দেশও পাসপোর্টে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা বহাল রেখেছে। তাদের পাসপোর্ট কি আন্তর্জাতিক মানসম্পন্ন নয়?

ফিলিস্তিনি রাষ্ট্রদূতের এসব বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোন দেশের রাষ্ট্রদূত কী বললেন তা আমার কাছে অপ্রাসঙ্গিক। আমরা আমাদের পররাষ্ট্রনীতি বজায় রাখবো। আমরা সার্বভৌম রাষ্ট্র। আমরা কি করবো তা আমরাই ঠিক করবো।

পররাষ্ট্রমন্ত্রী/আরএম/রমু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *