খালেদা জিয়ার সাজা ৬ মাস স্থগিত

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, করোনা পরিস্থিতিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার বিষয় চিন্তা করে সরকার আবারও মানবিক বিবেচনায় তার সাজার মেয়াদ ছয় মাসের জন্য স্থগিত করেছে। বিএনপি নেত্রীর চিকিৎসার কথা বিবেচনা করে এর আগে জামিন দেয়া হয়েছিল।

শুক্রবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি আয়োজিত চিকিৎসকদের মাঝে চিকিৎসা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ওবায়দুল কাদের এ কথা জানান। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

সেতুমন্ত্রী দিনাজপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, অপরাধী যেই হেক আইনের আওতায় আনা হবে।

তিনি বলেন, তার সুচিকিৎসায় সবধরনের ব্যবস্থা নিয়েছে সরকার।

করোনা মহামারী তুলনামূলক ভাবে নিয়ন্ত্রণে থাকলেও বর্তমানে সচেতনতার দিক থেকে গাছাড়া ভাব পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, করোনা ও বন্যা পরিস্থিতিতে এ পর্যন্ত আওয়ামী লীগের পক্ষ থেকে ১ কোটি ২৫ লাখেরও বেশি পরিবারকে খাদ্য সামগ্রী ও ত্রাণ করা হয়েছে। এছাড়াও ১১ কোটি টাকারও বেশি নগদ সহায়তা প্রদান করা হয়েছে।

দলের সভাপতিমন্ডলীর সদস্য আব্দুর রহমান বলেন, সরকার ও আওয়ামী লীগ দেখিয়েছে দুর্যোগ ও দুর্বিপাকে কিভাবে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হয়।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার কনক কান্তি বড়ুয়া, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন এবং আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা, শিক্ষা সম্পাদক সামছুন্নাহার চাঁপা, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান ও কেন্দ্রীয় কমিটির সদস্য পারভীন জামান কল্পনা উপস্থিত ছিলেন।

প্রাথমিক তথ্য: বাসস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *