খেলাধুলার চর্চা বাড়ানোর আহ্বান খাদ্যমন্ত্রীর

নিউজ ডেস্ক: মাদকমুক্ত যুবসমাজ গঠনে খেলাধুলার চর্চা বাড়ানোর আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

শুক্রবার নওগাঁ স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত মরহুম আব্দুল জলিল স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সাধন চন্দ্র মজুমদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট প্রবর্তন করেন। তিনি মৃত প্রায় ফুটবল অঙ্গনকে জাগিয়ে তোলেন। এর ফলশ্রুতিতে তৃণমূল থেকে অনেক মেধাবী খেলোয়াড় তৈরি হয়েছে।

মন্ত্রী বলেন, সারা দেশে সরকার রাস্তাঘাট ও অবকাঠামোর ব্যাপক উন্নয়ন করেছে। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। নওগাঁ জেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বিশ্ববিদ্যালয়ের অনুমোদন হয়েছে। এখন ভিসি নিয়োগ দেয়ার প্রক্রিয়া চলছে। এছাড়া ১১শত কোটি টাকা ব্যয়ে নওগাঁ জেলার অবকাঠামো উন্নয়নে মেগা প্রকল্প নেয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, দীর্ঘদিন পর নওগাঁ স্টেডিয়ামে খেলাধুলার আয়োজন হচ্ছে। দর্শকদের খেলা দেখতে মাঠে আসার অনুরোধ জানিয়ে তিনি বলেন, বিনোদন লাভে মোবাইলে বুঁদ না হয়ে মাঠে এসে খেলোয়াড়দের উৎসাহ দিন।

অনুষ্ঠানে সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, নওগাঁ ৫ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ছলিম উদ্দীন তরফদার, নওগাঁর জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, পুলিশ সুপার রাশেদুল হক, নওগাঁ জেলা আওয়ামী লীগ সিনিয়র-সহ সভাপতি আব্দুল খালেক এবং নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল এ সময় উপস্থিত ছিলেন।

খাদ্যমন্ত্রী/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *