গণমাধ্যমকর্মীদের জন্য প্রণোদনার আহ্বান মেননের

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বিভিন্ন ক্ষেত্রে প্রণোদনা প্যাকেজের মত সাংবাদিক ও সংবাদকর্মী, বেসরকারি স্কুল কলেজের জন্য ঈদের আগেই তহবিল ঘোষণার আহ্বান জানিয়েছেন। তিনি করোনা ভাইরাস মোকাবেলায় যেসব সংবাদকর্মী ও পুলিশ মারা গেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানান।

সোমবার সকালে ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর শাখার সম্পাদকমণ্ডলীর সাথে ঢাকা-৮ নির্বাচনী এলাকার প্রতিটি ওয়ার্ডে ১ হাজার কার্ডের তালিকা প্রণয়নের বিষয় পর্যালোচনা করতে গিয়ে মেনন এ কথা বলেন।

রাশেদ খান মেনন ৫০ লাখ মানুষকে মাসে আড়াই হাজার টাকা করে নগদ সহায়তা প্রদানের প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে সঠিক ও সাহসী পদক্ষেপ বলে মন্তব্য করেছেন।

রাশেদ খান মেনন প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করে বলেন, করোনা ভাইরাস সংক্রমণের কারণে কর্মহীন মানুষকে এই সহায়তা দেয়া তাদের যেমন আত্মবিশ্বাস ফিরিয়ে আনবে, তেমনি অর্থনীতিতেও চাহিদা সৃষ্টি করে তাকে সচল করতে সাহায্য করবে।

তিনি বলেন, পাশের দেশ ভারতসহ পৃথিবীর অন্যান্য দেশেও এই ব্যবস্থা গৃহীত হয়েছে। তবে এ অর্থ প্রদানের জন্য যে অল্প সময়ের মধ্যে কার্ড তৈরি করতে তালিকা দিতে বলা হয়েছে তাতে সিটি কর্পোরেশন অন্তর্গত ওয়ার্ডগুলোর সঠিকভাবে কাজ করাকে দুঃসাধ্য।

পর্যালোচনায় বলা হয়, কর্মহীন হয়ে পড়া হকার, নির্মাণ শ্রমিক, গৃহকর্মী, হোটেল, রেস্তোরা, বেকারী শ্রমিকসহ শ্রমজীবী মানুষদের স্ব-স্ব ক্ষেত্রে তালিকা করে সমন্বয় করতে পারলে এই কাজ সুষ্ঠুভাবে সমাধান করা ও কেউ বাদ পড়ে না যাওয়া সম্ভব। ওয়ার্কার্স পার্টির সম্পাদকমণ্ডলীর সভায় মহানগর সভাপতি আবুল হোসাইন, সাধারণ সম্পাদক কিশোর রায়, সদস্য তৌহিদুর রহমান, জাহাঙ্গীর আলম ফজলু ও আনোয়ারুল ইসলাম টিপু উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম গণমাধ্যমকর্মীদের জন্য প্রণোদনা ঘোষণার আহ্বান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *