গরম বাড়তে পারে, আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই

নিউজ ডেস্ক: ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, সন্দ্বীপ, রাঙামাটি, ফেনী, বান্দরবান, খেপুপাড়া, ভোলা অঞ্চলসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এমন বার্তা দিয়েছে।

পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর বলছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই জানিয়ে আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ বলেন, বর্তমানে সারা দেশের বিভিন্ন জায়গায় ৩৩ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। আরও দুই দিন তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। এরপর তাপমাত্রা বাড়ার সম্ভাবনা আছে। তখন ৩৪ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে।

সিনপটিক অবস্থা নিয়ে পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা (৩৮ ডিগ্রি সেলসিয়াস) ছিল চুয়াডাঙ্গায়। আর আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় কুড়িগ্রামের রাজারহাটে (১৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস)।

আবহাওয়া/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ