গরীবের ঘরে হাত দেয় কিভাবে?

৯ সেপ্টেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): মুজিববর্ষের উপহার হিসেবে গৃহহীনদের বিনামূল্যে দেয়া আশ্রয়ণ-২ প্রকল্পের ঘর হাতুড়ি-শাবল দিয়ে ভেঙে মিডিয়াতে অপপ্রচারের অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, গরীবের ঘরে এরা হাত দেয় কিভাবে? তিনি বলেন, তদন্তে এসব কাজে জড়িতদের নাম বেরিয়ে এসেছে এবং পুরো রিপোর্টটাই হাতে রয়েছে।

বৃহস্পতিবার সকালে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে সভাটি অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী দরিদ্র অসহায় জনগোষ্ঠীর সম্পদ ধ্বংসকারী কতিপয় মানুষের মনোবৃত্তিকে ‘জঘন্য’ হিসেবে মন্তব্য করেন। বলেন, ‘কয়েকটা জায়গায় দেখলাম ঘর ভেঙে পড়ছে। বিভিন্ন জায়গার এমন ছবি দেখার পর সার্ভে করালাম কোথায় কি হচ্ছে।’

আরও পড়ুন: চিনির নতুন দাম নির্ধারণ

তিনি বলেন, ‘বিভিন্ন এলাকায় প্রায় দেড় লাখ ঘর তৈরী করে দিয়েছি। ৩শ’টি ঘর কিছু মানুষ হাতুড়ি শাবল দিয়ে ভেঙেছে, তারপরে মিডিয়ায় ছবি তুলেছে। এদের নাম-ধাম তদন্ত করে সব বের করা হয়েছে।’

প্রধানমন্ত্রী বলেন, এক জায়গায় ৬শ’ ঘর করা হয়েছে। সেখানে প্রবল বৃষ্টিপাতে মাটি ধসে কয়েকটা ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। আর ৯টা জায়গায় কিছুটা দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। কিন্তু অন্যান্য জায়গায় প্রত্যেকেই আন্তরিকতার সাথে কাজ করেছেন।

তিনি বলেন, ইউএনও এবং ডিসিদের-সহ সরকারি কর্মচারিদের ওপর এগুলোর তদারকির দায়িত্ব ছিল। অনেকেই এগিয়ে এসেছেন এইসব ঘর তৈরীতে সহযোগিতা করতে। অনেক অল্প পয়সায় ইট সরবরাহ করেছেন। কিন্তু এরমধ্যে দুষ্ট বুদ্ধির কিছু (অসাধু চক্র) এবং সেটাই সব থেকে কষ্টকর।

শেখ হাসিনা বলেন, এ ধরনের ঘটনা দেখা বা জানার পরে স্থানীয় যুবলীগ এবং আওয়ামী লীগ নেতারা সরজমিনে গিয়ে নিজেরাও তদারকরি করছেন এবং ছবি পাঠাচ্ছেন।

প্রধানমন্ত্রী/আরএম/রমু

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *