গাজীপুরে জুতা কারখানায় আগুন

০৯ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক, গাজীপুর): গাজীপুর সিটি করপোরেশনের বাঙালগাছ এলাকায় একটি জুতা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

সোমবার সকাল আটটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল হামিদ মিয়া জানান, বাঙালগাছ এলাকায় স্টিপ ফুটওয়্যার নামে জুতা তৈরির কারখানার তিনতলা ভবনের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছান। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যায়নি। আগুনে ওই কারখানার জুতা তৈরির কাঁচামাল পুড়ে গেছে। এতে হতাহত হওয়ার কোনও ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

অগ্নিকাণ্ড/এসকেএম