গায়ক আকবরের শারীরিক অবস্থার অবনতি

বিনোদন ডেস্ক: ডায়াবেটিস ও কিডনির জটিলতা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন কণ্ঠশিল্পী আকবরের শারীরিক অবস্থার অবনতি হয়েছে।

রোববার বিকেলে এক ফেসবুক পোস্টে আকবরের স্ত্রী কানিজ ফাতেমা এ তথ্য জানান।

ফেসবুক পোস্টে তিনি লিখেন, বিকেল সাড়ে পাঁচটার পর অস্ত্রোপচারের মাধ্যমে আকবরের ডান পা কেটে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকেরা।

কানিজ ফাতেমা বলেন, চিকিৎসকেরা বলেছেন, পা কেটেই ফেলতে হবে। তারপরও যদি পা বাঁচানো যায়, সেই চেষ্টা করবেন তারা। তাকে এখন অস্ত্রোপচারের কক্ষে নেয়া হচ্ছে। সবার কাছে দোয়া চাইছি।

কয়েক বছর ধরেই নানা রোগের সাথে লড়াই করছেন আকবর। তার দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। পরে শরীরে পানি জমার কারণে তার ডান পায়ে ক্ষত সৃষ্টি হতে থাকে। তিনি বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এর আগে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তিনি।

প্রায় এক দশক ধরে ডায়াবেটিসে ভুগছেন আকবর। এর মধ্যে কিডনিরোগে আক্রান্ত হয়ে কয়েক দফায় দেশে ও দেশের বাইরে চিকিৎসা করিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার জন্য ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন।

কিশোর কুমারের ‘একদিন পাখি উড়ে’ নতুন করে গেয়েছিলেন আকবর আলী গাজী। সবার কাছে তিনি আকবর নামে পরিচিত। হানিফ সংকেতের ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে এই গান তাকে আলোচনায় নিয়ে আসে। এরপর ‘তোমার হাতপাখার বাতাসে’ গানটি দেশ-বিদেশের দর্শক-শ্রোতার কাছে তাকে পরিচিত করে তোলে।

গায়ক আকবর/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *