গিনিতে সেনা অভ্যুত্থান, প্রেসিডেন্ট আটক

০৬ সেপ্টেম্বর ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে প্রেসিডেন্টকে হটিয়ে ক্ষমতা দখল করেছে দেশটির সেনাবাহিনী। আটক করে রাখা হয়েছে দেশটির প্রেসিডেন্ট আলফা কোন্ডেকে। এমনকি সেনারা সরকার ও সংবিধান বিলুপ্তির ঘোষণা দিয়েছেন।

রোববার সারা দিনই গিনির প্রেসিডেন্ট প্রাসাদের কাছে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। পরে প্রেসিডেন্টকে হটিয়ে ক্ষমতা দখলের দাবি করে সেনাবাহিনীর স্পেশাল ফোর্স।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সেনাবাহিনীর সদস্যরা প্রেসিডেন্ট আলফা কোন্ডেকে ঘিরে রেখেছেন।

ক্ষমতা গ্রহণের পর সেনাবাহিনী জানায়, নিজেদের ভাগ্য আমরা নিজের হাতে নিয়ে নিচ্ছি। দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতেই প্রেসিডেন্টকে উৎখাত করা হয়েছে। একই সাথে সংবিধান স্থগিতের পাশাপাশি সরকার ভেঙে দেয়ার ঘোষণা দিয়েছে তারা।

তাদের ভাষ্য, সরকারের ভয়াবহ দুর্নীতি, অব্যবস্থাপনা ও দারিদ্র্যের কারণে আমাদের ক্ষমতা গ্রহণ করতে হয়েছে। দেশের নাগরিকের ভবিষ্যৎ উন্নত করাই আমাদের একমাত্র লক্ষ্য। আমরা দেশের দারিদ্র্যতা নিরসনে কাজ করব।

এদিকে গিনির প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, সেনাবাহিনীর স্পেশাল ফোর্স প্রেসিডেন্ট প্যালেসে আক্রমণ করে। তবে সেই আক্রমণ প্রতিহত করা হয়েছে।  শান্তি শৃঙ্খলা রক্ষায় অভিযান চলছে বলেও জানান তিনি।

প্রতিরক্ষা মন্ত্রীর এমন বক্তব্যের পর গিনির ক্ষমতা দখল নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে।

সেনা অভ্যত্থান/এসকেএম

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *