ঘরে ফিরলো যুক্তরাষ্ট্র

২১ জানুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): সদ্য শপথ নেয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব পালন শুরু করেছেন। প্যারিস জলবায়ু চুক্তিতে ফেরা এবং সব ফেডারেল ভবনে মাস্ক পরা বাধ্যতামূলক করা-সহ এক গুচ্ছ নির্বাহী আদেশে স্বাক্ষর করে তিনি প্রশাসনিক কাজ শুরু করেছেন।

জো বাইডেনের এসব আদেশের মধ্যে রয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থায় যুক্তরাষ্ট্রের থেকে যাওয়া, মুসলিম সংখ্যাগরিষ্ঠ অধিকাংশ দেশ থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়া, পরিবেশ সুরক্ষা জোরদার এবং কোভিড-১৯ মোকাবেলায় শক্তিশালী পদক্ষেপ গ্রহণ।

এছাড়াও রয়েছে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ বন্ধ এবং সংখ্যালঘু গ্রুপগুলোর জন্যে বৈচিত্র্য ও সমান সুযোগ নিশ্চিত করা।

বাইডেন তার পূর্বসুরি ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের বিপরীতে দাঁড়িয়ে শপথ নেয়ার কয়েক ঘন্টার মধ্যে ওভাল অফিসে এসব নির্বাহী আদেশে স্বাক্ষর করেন।

এর আগে, ক্যাপিটল হিলে বুধবার স্থানীয় সময় ১১টা ৪৮ মিনিটে তিনি যুক্তরাষ্ট্রের ৪৬ তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। স্বাক্ষরকালে তিনি বলেন, আমরা কিছু সাহসী কাজ করতে যাচ্ছি।

বিশ্বের উষ্ণতা মোকাবেলায় ২০১৬ সালে যখন প্যারিস চুক্তি সম্পাদিত হয় তখন বারাক ওবামা ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং বাইডেন ছিলেন ভাইস প্রেসিডেন্ট। অধিকাংশ দেশ এ চুক্তিতে স্বাক্ষর করে। কিন্তু ট্রাম্প এ চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়ে আসেন।

প্যারিস জলবায়ু চুক্তিতে ফেরার প্রেক্ষাপটে বাইডেন বলেন, আমরা জলবায়ু পরিবর্তন রোধে এমনভাবে কাজ করতে যাচ্ছি যা এর আগে করা হয়নি।

বাইডেন দাবি করেন, কোভিড-১৯ মোকাবেলায় তিনি যে সব পদক্ষেপ নিচ্ছেন তা পরিস্থিতির উন্নতি ঘটাবে।

এদিকে, প্যারিস চুক্তিতে ফেরায় স্বাগত জানিয়েছেন ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রন।
জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেসও এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছেন, বিশ্বে কার্বন নিঃসরণ বন্ধে এটি একটি বৃহৎ পদক্ষেপ। তবে এ জন্যে আরও বহুদূর যেতে হবে বলেও এক বিবৃতিতে তিনি উল্লেখ করেন।

বাইডেন/কিউটি/রমু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *