চলতি বছরে মাথাপিছু আয় তিন হাজার ডলার ছাড়িয়ে যাবে

৯ জানুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক): চলতি বছরের মধ্যে দেশের মানুষের মাথাপিছু গড় আয় তিন হাজার ডলার ছাড়িয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম।

রোববার রাজধানীর সোনাগাঁও হোটেলে ঢাকা ওয়াসার উদ্যোগে আয়োজিত ‘বিল কালেকশন এ্যাওয়ার্র্ড’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

তাজুল ইসলাম বলেন, গত এক যুগে আমাদের গড় আয় ম্যাজিকের মতো বৃদ্ধি পেয়েছে। কারণ দেশের নেতৃত্ব আছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ২০০৯ সালে ক্ষমতায় আসার পর আমাদের আয় ছিল ৭০০ ডলারের নিচে। গত এক যুগে আমাদের মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫ শো ৫৪ ডলারে। আশা করি, চলতি বছরের মধ্যে তিন হাজার ডলারে উন্নীত হবে।

তিনি বলেন, ঢাকা ওয়াসা রাজধানীতে নগরবাসীর চাহিদার অতিরিক্ত পানি সরবরাহ করার সক্ষমতা অর্জন করেছে। চট্টগ্রাম, রাজশাহী এবং খুলনাতেও ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনসহ সারাদেশের মানুষের পানির চাহিদা পূরণে সরকার নিরলসভাবে কাজ করছে বলেও জানান তিনি।

মন্ত্রী জানান, ঢাকাবাসীকে গুণগত মানসম্পন্ন পানি সরবরাহ করার লক্ষ্যে বেশকিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং কাজ চলমান রয়েছে। পানি সরবরাহের জন্য স্থাপিত পাইপ লাইনগুলো অনেক পুরোনো এবং অধিকাংশ অনুপোযোগী হয়ে পড়েছে। এখন সেগুলো পরিবর্তন করে উন্নতমানের পাইপ বসানো হচ্ছে।

তিনি জানান, ১৯৯৬ সালে ঢাকা ওয়াসা রাজধানীতে ৬০ শতাংশ পানি সরবরাহ করতে সক্ষম ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পানির মান উন্নয়ন এবং সরবরাহ বাড়াতে কাজ করে যাচ্ছে। এরমধ্যে সাযেদাবাদ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ফেজ-১ ও ২ শেষ হয়েছে। এখন সায়েদাবাদ ফেজ-৩ এর নির্মান কাজ চলছে। এসব উন্নয়ন কাজের ফলে ইতিমধ্যে শতভাগ পানির সরবরাহ করতে সক্ষম হয়েছে ঢাকা ওয়াসা।

এসময় ওয়াসাতে আসা অভিযোগ আমলে নিয়ে তা সমাধানে আরও বেশি দায়িত্বশীর হওয়ার জন্য ওয়াসা কর্তৃপক্ষকে নির্দেশ দেন মোহাম্মদ তাজুল ইসলাম।

তাজুল ইসলাম/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *