চলে গেলেন বিজ্ঞানের জাদুকর

বরেণ্য বিজ্ঞানী, খেলাঘর আন্দোলনের প্রাণপুরুষ, বুয়েটের সাবেক অধ্যাপক ডক্টর আলী আসগর আজ সকালে চিরবিদায় নিলেন। শিশুর সারল্যেভরা ৮০ বছর বয়েসী ডক্টর আলী আসগর বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

খেলাঘরের অনুষ্ঠানে ডক্টর আলী আসগর

বৃহস্পতিবার সকালে রাজধানীর উত্তরায় তিনি নিজ বাসায় মারা যান। তার মৃত্যুতে সারাদেশে শিশু সংগঠকদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

কেন্দ্রীয় খেলাঘর আসরের সাবেক সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান সাগর আর্ট নিউজকে অধ্যাপক আলী আসগরের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেন।

পদার্থবিদ অধ্যাপক ডক্টর আলী আসগর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে রশীদ চেয়ারের সভাপতি ছিলেন। তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন পদার্থ বিজ্ঞানে নোবেল জয়ী অধ্যাপক আবদুস সালামের তত্ত্বাবধানে। চুম্বকের দুই মেরুর মধ্যবর্তী স্থানের নিরপেক্ষতার আবিষ্কারক আলী আসগর বাংলাদেশে বিজ্ঞান চর্চার অন্যতম দিশারী।

ডক্টর আবদুল্লাহ আল মুতী শরফুদ্দীন ও ডক্টর আলী আসগর বিজ্ঞানমনষ্ক জাতি গঠনের উদ্দেশে স্বাধীনতার পর বাংলাদেশ টেলিভিশনে শুরু করেন বিজ্ঞান বিষয়ক অনুষ্ঠান।

ডক্টর আলী আসগরের লেখা শিশুতোষ বইয়ের প্রচ্ছদ

১৯৮৬ সালে ডক্টর আলী আসগর জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘরের সভাপতিমণ্ডলীর চেয়ারম্যান নির্বাচিত হন। ২০০৯ সালের জাতীয় সম্মেলন পর্যন্ত তিনি খেলাঘরের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৯ সাল থেকে আমৃত্যু তিনি খেলাঘরের প্রধান উপদেষ্টা ছিলেন।

বিজ্ঞানমনষ্ক জাতি গঠনে তার নিরলস চেষ্টা ছিল অবিস্মরণীয়। দেশজুড়ে বিজ্ঞানমেলার আয়োজন, বিটিভি-তে বিজ্ঞান বিষয়ক অনুষ্ঠান উপস্থাপনা আর সহজ সরল ভাষায় বিজ্ঞানকে সাধারণের কাছে পৌঁছে দিতে তিনি কাজ করেছেন প্রায় ষাট দশক।

ডক্টর আলী আসগর বিজ্ঞান, প্রকৃতি, সমাজ ও শিশুতোষ বিষয়ক অসংখ্য বই লিখেছেন। নিয়মিত কলাম লিখতেন মুক্তিযুদ্ধের পক্ষের প্রগতিশীল দৈনিক পত্রিকায়।