চার দিনের রিমান্ডে পরীমনি

০৫ আগস্ট ২০২১ (বিনোদন ডেস্ক): মাদক মামলায় ঢাকায় চলচ্ছিত্রের আলোচিত নায়িকা পরীমনির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকার মহানগর হাকিম মামুনুর রশীদ শুনানি শেষে তাদের এ রিমান্ড মঞ্জুর করেন।

এদিন পরীমনিকে আদালতে হাজির করে মাদক মামলায় সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। ঢাকার মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন।

আসামিপক্ষে মজিবুর রহমানসহ কয়েকজন আইনজীবী রিমান্ড বাতিল পূর্বক জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার চার দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।

এর আগে, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে র‌্যাব পরীমনির বনানীর বাসায় অভিযান শুরু করে। প্রায় চার ঘণ্টার অভিযান শেষে রাত সোয়া ৮টার দিকে পরীমনিকে নিয়ে নেমে আসে র‌্যাব। তাকে র‌্যাব সদর দফতরে নিয়ে যাওয়া হয়। অভিযানে পরীমনির বাসা থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদসহ এলএসডি ও আইসের মতো ভয়ংকর মাদক পাওয়া গেছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব সদর দফতরে জিজ্ঞাসাবাদের পর বৃহস্পতিবার রাজধানীর বনানী থানায় পরীমনির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরীমনির মামা আশরাফুল ইসলাম দীপুকেও এই মামলায় আসামি করা হয়েছে।

পরীমনি/এসকেএম