চিত্রনায়িকা পরীমনি ও একার সদস্যপদ স্থগিত

০৭ আগস্ট ২০২১ (বিনোদন ডেস্ক): আলোচিত চিত্রনায়িকা পরীমনি ও নায়িকা একার সদস্যপদ সাময়িক স্থগিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।

শনিবার বিকেলে এফডিসির জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর এই ঘোষণা দেন।

মিশা সওদাগর বলেন, গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি শিল্পী সমিতির সদস্য চিত্রনায়িকা পরীমনি ও একা দেশের প্রচলিত আইন অনুযায়ী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছে। এ বিষয়ে মামলাও চলছে। তাদের ব্যক্তিগত কোনও অনৈতিক ও অপরাধমূলক কর্মকাণ্ডের দায়-দায়িত্ব বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নেবে না। তাদের ব্যক্তিগত যাবতীয় কর্মকাণ্ডের দায়-দায়িত্ব শুধুমাত্র তাদেরই। এর সাথে  শিল্পী সমিতির কোনও সংশ্লিষ্টতা নেই। যেহেতু সুনির্দিষ্ট অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে সেহেতু  বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সুনাম ও ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে যথাযথ বিধিমোতাবেক আপাতত তাদের সদস্য পদ সাময়িকভাবে স্থগিত রাখা হলো।

সংবাদ সম্মেলনে আরও ছাড়াও উপস্থিত ছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান, সহসভাপতি ডিপজল, রুবেল, কার্যনির্বাহী পরিষদ সদস্য অঞ্জনা সুলতানা, অরুণা বিশ্বাস, আলীরাজ, আলেকজান্ডার বো, জয় চৌধুরীসহ অন্যরা।

এফডিসি/এসকেএম