১১ মে ২০২১ (নিউজ ডেস্ক): পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আবদুল মোমেন চীনা উদ্বেগকে ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’ বলে অভিহিত করেছেন। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে চার দেশের নিরাপত্তা সংলাপ ‘কোয়াডরিলেটরাল সিকিউরিটি ডায়ালগ’ (কোয়াড)-এর সাথে ঢাকার সম্ভাব্য সম্পৃক্ততা নিয়ে চীন এই উদ্বেগ প্রকাশ করেছিল। বেইজিং দৃশ্যতই সতর্ক করে দিয়েছে, ঢাকার পক্ষ থেকে এ ধরনের কোনো পদক্ষেপ দ্বি-পাক্ষিক সম্পর্ককে প্রভাবিত করবে। মূলত ভারত, জাপান এবং অস্ট্রেলিয়া মার্কিন নেতৃত্বাধীন কৌশলগত জোট কোয়াডের সদস্য।
বেইজিং চায় না যে বাংলাদেশ এই দলে যোগ দিক, ঢাকায় চীনা রাষ্ট্রদূত লি জিমিং এর এই মন্তব্যের একদিন পর পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানালেন। বলেছেন, আমরা একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র। আমরা আমাদের পররাষ্ট্রনীতি নির্ধারণ করি। খবর: বাসস।
মোমেন এই মন্তব্যকে ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’ এবং ‘আক্রমণাত্মক’ বলে অভিহিত করেছেন। এর আগে কোনও চীনা কূটনীতিকের কাছ থেকে এমন আক্রমণাত্মক মন্তব্য শোনেননি বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, আমরা চীনের কাছ থেকে এই ধরনের আচরণ আশা করিনি।
এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার কথা উল্লেখ করে বলেন, ঢাকা এখন পর্যন্ত কোয়াড সম্পর্কে কোনো আগ্রহ প্রকাশ করেনি। অন্যদিকে কেউ এই প্ল্যাটফর্মে যোগ দেয়ার জন্য বাংলাদেশের সঙ্গে যোগাযোগও করেনি।
এর আগে, গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়ে চীনা রাষ্ট্রদূত মন্তব্য করেন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ‘যথেষ্ট ক্ষতিগ্রস্ত’ হবে যদি তারা কোয়াডে যোগ দেয়। রাষ্ট্রদূত একে ‘চীনের পুনরুত্থান এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের বিরুদ্ধে একটি সামরিক জোট হিসেবে একে বর্ণনা করেন।
কোয়াড/টিটি/আরএম
















Leave a Reply