আন্তর্জাতিক ডেস্ক: চীন হামলা চালালে তাইওয়ানকে রক্ষা করবে যুক্তরাষ্ট্র। এমনটাই বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
রোববার গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে বাইডেন এ কথা বলেছেন। খবর: রয়টার্স ও বিবিসি।
সিবিএস সিক্সটি মিনিটসকে দেয়া এক সাক্ষাৎকারে বাইডেন বলেন, যদি তাইওয়ানের ওপর অপ্রত্যাশিত কোনও হামলা আসে, তাহলে যুক্তরাষ্ট্র তাদের পাশে থাকবে।
ওই সাক্ষাৎকারে মার্কিন বাহিনী ইউক্রেনের মতো তাইওয়ানের পাশে থাকবে কি না-এমন প্রশ্নের উত্তরে বাইডেন সম্মতিসূচক ‘হ্যাঁ’ বলেন।
তবে হোয়াইট হাউস বলেছে, তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান বদলায়নি।
তাইওয়ানের বিষয়ে ওয়াশিংটনের অবস্থান সব সময়ই কৌশলগত। চীনের পূবাঞ্চলের উপকূলে তাইওয়ান স্বশাসিত একটি দ্বীপ। বেইজিং তাইওয়ানকে নিজেদের অঞ্চল বলে মনে করে। তবে ওয়াশিংটন এই ইস্যুতে বরাবরই কূটনৈতিক অবস্থান নিয়েছে। ওয়াশিংটন এক চীন নীতি মেনে চলে। বেইজিংয়ের সাথে এটি ওয়াশিংটনের সম্পর্কের ভিত্তি।
সিবিএস সিক্সটি মিনিটসকে দেয়া সাক্ষাৎকারে গতকাল বাইডেন বলেন, এক চীন নীতি রয়েছে। স্বাধীনতার বিষয়ে তাইওয়ানের নিজস্ব বক্তব্য রয়েছে। আমরা তাদের স্বাধীনতায় উৎসাহ দিচ্ছি না। এটা তাদের সিদ্ধান্ত।
গত আগস্টে তাইওয়ানে যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার ন্যান্সি পেলোসির বিতর্কিত সফরকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা বেড়েছে। এই সফরের পর বেইজিং তাইওয়ানের চারপাশে পাঁচ দিনের সামরিক অবরোধ জারি করেছে।
যুক্তরাষ্ট্র/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD














