ছয় কোটি টাকা লেনদেন করেছেন মামুনুল

৩০ মে ২০২১ (নিউজ ডেস্ক): হেফাজতে ইসলামের নেতা মামুনুল হক এক বছরে ৬ কোটি টাকা লেনদেন করেছেন। গোয়েন্দা পুলিশের ভাষ্য, এই ৬ কোটি টাকা মামুনুল হকের নামে থাকা বিভিন্ন অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন হয়েছে।

রবিবার মিন্টো রোডের ডিবি কার্যালয়ে এ তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম। বলেন, মামুনুল হকের অ্যাকাউন্টে এক বছরে ৬ কোটি টাকা লেনদেনের পাশাপাশি আরও অনেক চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। সম্প্রতি হেফাজতের যে সব নেতাকে গ্রেফতার করা হয়েছে তারা সবাই অর্থনৈতিক বিষয়ে গুরেুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।

তিনি বলেন, হায়াতুল উলিয়া ও বেফাকের শীর্ষস্থানীয় ও ক্বওমী অঙ্গণের কয়েকজন নেতার ক্ষেত্রেও একই ধরণের অস্বচ্ছ অর্থনৈতিক কর্মকাণ্ডের নজির পাওয়া গেছে। এসব ক্ষেত্রে সরকারের আরও নজরদারি দরকার।

এক প্রশ্নের জবাবে মাহবুব আলম জানান, হেফাজত নেতাদের বিরুদ্ধে মামলায় যে সব অভিযোগ আনা হয়েছে, তদন্তে সেগুলোর প্রমাণ পাওয়া গেছে। তিনি বলেন, তাদের আরও অনেক অনিয়মের বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। এখন পর্যন্ত দুইজন হেফাজত নেতা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা অভিযোগের বিষয়ে যেসব প্রমাণ পাচ্ছি সেগুলোই তাদের অপরাধ প্রমাণ করবে। তারা সেসব স্বীকার করুক বা না করুক তাতে মামলায় কোন প্রভাব পড়বে না। আমরা আদালতে নানা অডিও, ভিডিও, ডকুমেন্টস ও ব্যাংক হিসাব প্রমাণ হিসেবে দেখাবো।

মামুনুল/আরএম/রমু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *