১৭ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোহাম্মদ শাহাব উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
শনিবার ঈদুল আযহা উপলক্ষ্যে মৌলভীবাজার বড়লেখা উপজেলায় প্রধানমন্ত্রীর উপহার চাল বিতরণ অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, সরকার দেশের অসহায় মানুষের পাশে আছে। তাদের নানাভাবে সাহায্য সহযোগিতা করছে। কেউই খাদ্যের কষ্টে ভুগবে না। সবাইকে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান করা হবে।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে অসহায় মানুষের জন্য আরও ৩ হাজার ২শ’ কোটি টাকার ৫ টি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন।
শাহাব উদ্দিন বলেন, সরকার ইতোমধ্যে ১৭ লাখ ২৪ হাজার ৪৭০ জন শ্রমিক, দিনমজুর ও ক্ষুদ্র ব্যবসায়ীকে নগদ সহায়তার জন্য ৪৫৯ কোটি টাকা বরাদ্দ করেছে। শহর এলাকার নিম্ন আয়ের মানুষের জন্য বিশেষ ওএমএস চালু করার জন্য ১৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
তিনি বলেন, গ্রামীণ এলাকায় কর্মসৃজন কার্যক্রমে অর্থায়নের জন্য ১৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পর্যটন খাতের কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের জন্য ১০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
মন্ত্রী বলেন, বর্তমানে অনেকেই করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। আপনারা সচেতন থাকলে নিজের এবং পরিবারের সদস্যদের জীবন রক্ষা করতে পারবেন। এই করোনা ভাইরাসকে সাধারণ মনে করবেন না, যে কোন সময় আপনাকে আক্রান্ত করে জীবন সংশয়ে ফেলতে পারে। তাই সবাইকে সতর্কতার সাথে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
বড়লেখা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার নুসরাত লায়লা নীরার সভাপতিত্বে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, বড়লেখা পৌরসভার মেয়র মোহাম্মদ আবুল ইমাম আহমদ কামরান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম হেলাল উদ্দিন ও বড়লেখা উপজেলা কৃষক লীগ আহ্বায়ক আব্দুল লতিফসহ অন্যরা।
মোহাম্মদ শাহাব উদ্দিন/এসকেএম















