জাতিসংঘের রাষ্ট্রদূত হচ্ছেন হিলারি

১৫ নভেম্বর ২০২০ (আন্তর্জাতিক ডেস্ক): জাতিসংঘের রাষ্ট্রদূত হিসেবে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে নিয়োগ দেয়ার কথা ভাবছেন যুক্তরাষ্ট্রের নয়া প্রেসিডেন্ট জো বাইডেন।

ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের মার্কিন রাষ্ট্রদূত কে হচ্ছেন তা নিয়ে সম্প্রতি পরামর্শকদের সাথে আলোচনা করেন বাইডেন। সেখানেই ওই পদের জন্য হিলারির নাম প্রস্তাব দেয়া হয়। 

বাইডেন নিজেও তার প্রশাসনে গুরুত্বপূর্ণ দায়িত্বে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারির কথা ভাবছেন। তিনি এরই মধ্যে করোনা বিষয়ক টাস্কফোর্স গঠন করেছেন।

বাইডেনের ঘনিষ্ঠ সূত্রগুলো জানায়, হিলারিকে বিশেষ দায়িত্ব দিয়ে বাইডেন তার প্রশাসনের গুরুত্ব বোঝাতে চাচ্ছেন। একই সাথে হিলারিকে জাতিসংঘে দায়িত্ব দেয়ার মধ্য দিয়ে করোনা-উত্তর পৃথিবীতে বিশ্ব সংস্থাটির ভূমিকা আরও জোরালো করতে চাইছেন।

২০১৬ সালের মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন হিলারি ক্লিনটন। সেসময় রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজিত হন হিলারি। ওই নির্বাচনে পপুলার ভোটে জয়ী হলেও ইলেকটোরাল ভোটে হেরে যান মিসেস ক্লিনটন।

যুক্তরাষ্ট্র/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *