জানুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন

নিউজ ডেস্ক: আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মোহাম্মদ আনিছুর রহমান।

শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) প্রশিক্ষকদের প্রশিক্ষণ (টিওটি) কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল প্রথম ধাপে টিওটি কার্যক্রম উদ্বোধন করেন। এসময় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ আহসান হাবিব খান, বেগম রাশেদা সুলতানা ও মোহাম্মদ আলমগীর বক্তব্য দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসি সচিবালয়ের সচিব মোহাম্মদ জাহাংগীর আলম।

আজ থেকে শুরু হওয়া নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ ৩০ নভেম্বর পর্যন্ত চলবে। প্রতি ব্যাচে শতাধিক প্রশিক্ষক নিয়ে তিন হাজার ২০০ জনকে টিওটি দেয়া হবে। ইসির প্রশিক্ষিত এসব এক্সপার্ট মাঠ পর্যায়ের প্রায় ৯ লাখ ভোটগ্রহণ কর্মকর্তাকে প্রশিক্ষণ দেবেন।

এসময় ইসি আনিছুর রহমান বলেন, এখনও আমরা তারিখ ঠিক করিনি। বড় কর্মযজ্ঞ শুরু হচ্ছে। এটা নিয়ে বলা যায়, ২০২৪ সালের গোড়ার দিকে, একেবারে জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে। আমরা এখনও তারিখ ঠিক করিনি। বলা যায় দ্বাদশ জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম এর মাধ্যমে শুরু হয়ে গেলো।

অনুষ্ঠানে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেন, আমাদের নির্বাচন আইন আছে, সেগুলো আপনারা দেখে বা পড়ে নেবেন। একটি ভালো নির্বাচন করতে হলে আইনগুলো ভালোভাবে জানতে হবে।

নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা বলেন, আপনারা আইনকানুনগুলো ভালো করে দেখে নেবেন, পড়ে নেবেন। নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ না হয়, সেদিকে খেয়াল রাখবেন। সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন।

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান বলেন, কঠিন প্রশিক্ষণ, সহজ যুদ্ধ। নির্বাচন অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য সবার সহযোগিতা দরকার। যত সুন্দরভাবে প্রশিক্ষণ হবে, ততই একটা সুন্দর নির্বাচন হবে। আমরা দায়িত্ব নিয়ে এক হাজার নির্বাচন সুন্দর ও অবাধভাবে করেছি। কোনও কথা ওঠেনি সেসব নির্বাচন নিয়ে। ভোটগ্রহণ কেন্দ্রে নির্বাচনী কর্মকর্তাদের ভূমিকা অনেক।

ইসি/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *