১৭ আগস্ট ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): আফ্রিকার দেশ জিম্বাবুয়েতে হামে আক্রান্ত হয়ে ১৫৭ শিশুর মৃত্যু হয়েছে। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে আক্রান্তের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে।
মঙ্গলবার জিম্বাবুয়ের তথ্য মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে। খবর: রয়টার্স।
গতকাল মন্ত্রিপরিষদের বৈঠকের পর জিম্বাবুয়ের তথ্যমন্ত্রী মনিকা মুৎসভাংওয়া সংবাদ সম্মেলনে বলেন, জিম্বাবুয়ে জুড়ে চার দিনে সম্ভাব্য হাম আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩৬ জন থেকে বেড়ে ২ হাজার ৫৬ জনে দাঁড়িয়েছে। আক্রান্ত শিশুদের বেশির ভাগেরই বয়স ৬ মাসের মধ্যে। এর মধ্যে টিকায় বিশ্বাস করে না এমন ধর্মীয় সম্প্রদায়ভুক্ত ১৫ শিশুও আছে।
মুৎসভাংওয়া বলেন, যারা আক্রান্ত হয়েছে, তাদের বেশির ভাগই হামের টিকা নেয়নি। এ জরুরি অবস্থা মোকাবেলায় সরকার সিভিল প্রোটেকশন ইউনিট অ্যাক্ট কার্যকর করেছে।
মুৎসভাংওয়া আরও বলেন, আগামী সেপ্টেম্বরে জিম্বাবুয়ের স্কুলগুলো খুলে দেয়া হচ্ছে। তার আগে টিকা কর্মসূচি চালাতে চাইছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ ব্যাপারে প্রবীণ ও ধর্মীয় নেতাদের সহযোগিতা চেয়েছে সরকার।
হামের প্রকোপ জিম্বাবুয়ের স্বাস্থ্য খাতকে আরও চাপে ফেলবে বলে মনে করা হচ্ছে। স্বাস্থ্যকর্মীদের ধর্মঘট এবং ওষুধের ঘাটতির কারণে দীর্ঘদিন ধরে নাজুক অবস্থায় আছে এ খাত।
জিম্বাবুয়ে/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply