১০ জুলাই ২০২১ (স্পোর্টস ডেস্ক): সাদমান ইসলাম অনিকের পর সেঞ্চুরি তুলে নিলেন নাজমুল হোসেন শান্ত। দুই তরুণ টপঅর্ডার ব্যাটসম্যানের জোড়া সেঞ্চুরিতে জিম্বাবুয়ের বিপক্ষে ৪৭৬ রানের বড় লিড নিয়ে ইনিংস ঘোষণা করল বাংলাদেশ।
হারারে স্পোর্টস ক্রিকেট গ্রাউন্ডে প্রথম ইনিংসে ১৯২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে সফরকারী বাংলাদেশ।
দ্বিতীয় ইনিংসে উদ্বোধনী জুটিতে সাইফ হাসানকে সাথে নিয়ে ৮৮ রানের জুটি গড়েন সাদমান। ৯৫ বলে ৬টি চারের সাহায্যে ৪৩ রান করে ফেরেন সাইফ হাসান।
এরপর ওয়ান ডাউনে ব্যাটিংয়ে নামা নাজমুল হোসেনকে সাথে নিয়ে অবিচ্ছিন্ন ১৯৬ রানের জুটি গড়েন সাদমান। এই জুটিতেই আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি করেন ২৬ বছর বয়সী সাদমান। ১৭৯ বলে ৮টি বাউন্ডারির সাহায্যে সেঞ্চুরি করেনএ তরুণ ওপেনার।
সাদমান সেঞ্চুরি করার পর একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন নাজমুল হোসেন শান্ত। ৪৭৬ রানের বড় লিড হওয়ার পর দলীয় ২৮৪/১ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।
হারারে টেস্টে ওয়ানডের মতো আক্রমণাত্মক ব্যাটিং ১১৮ বলে ৫টি চার ও ৬টি ছক্কায় অপরাজিত ১১৭ রান করেন নাজমুল হোসেন শান্ত। ১৯৬ বল মোকাবেলা করে ৯টি বাউন্ডারির সাহায্যে অপরাজিত ১১৫ রান করেন ওপেনার সাদমান।
ক্রিকেট/এসকেএম















