১০ সেপ্টেম্বর ২০২১ (স্পোর্টস ডেস্ক): জয় দিয়ে বাংলাদেশ সফর শেষ করল নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতলেও শেষটা রঙ্গিন করতে পারলো না বাংলাদেশ।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে আজ ২৭ রানে হারলো বাংলাদেশ। শেষ ম্যাচ হারলেও পাঁচ ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে আগেই নিশ্চিত করেছে টাইগাররা।

এ ম্যাচে অধিনায়ক টম লাথামের অপরাজিত হাফ সেঞ্চুরিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১৬১ রান করে নিউজিল্যান্ড। জবাবে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৪ রান করে ম্যাচ হারে বাংলাদেশ।
সিরিজের সর্বোচ্চ ১৬২ রানের তাড়া করতে নেমে সাবধানী শুরু বাংলাদেশের দুই ওপেনার মোহাম্মদ নাইম ও লিটন দাসের। প্রথম ২ ওভারে ৯ রান তুলেন তারা। ৪ ওভারে আসে ২৪ রান। পঞ্চম ওভারের দ্বিতীয় বলে লিটনের বিদায় নিশ্চিত করেন নিউজিল্যান্ডের স্পিনার আজাজ প্যাটেল। ১২ বলে ১০ রান করেন লিটন।
দলীয় ২৬ রানে প্রথম উইকেট পতনের পর চাপ বাড়ে বাংলাদেশের। ৪৬ রানে পৌঁছাতে আরও ৩ উইকেট হারায় বাংলাদেশ। সিরিজে প্রথমবারের মত খেলতে নেমে ৪ রানে ফিরেন সৌম্য সরকার। ৩ রানে আটকে যান মুশফিকুর। আর উইকেটে সেট হয়ে ২১ বলে ২৩ রানে আউট হন নাইম।
৪৬ রানে চতুর্থ উইকেট পতনের পর দলের হাল ধরেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ও আফিফ। প্রথম ১৭ বল দেখেশুনে খেলেন তারা।
১৫তম ওভারে ১টি করে চার-ছক্কায় দলের স্কোর তিন অংকে নিয়ে যান আফিফ। তবে ততক্ষণে বাংলাদেশের আস্কিং রেট বেড়ে ১১’র বেশি হয়ে যায়। জয়ের জন্য শেষ ৫ ওভারে ৫৬ রান প্রয়োজন পড়ে বাংলাদেশের।
কিন্তু ১৬ থেকে ১৮, এই তিন ওভারের তিন উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। মাহমুদুল্লাহ ২১ বলে ১টি করে চার-ছক্কায় ২৩, নুরুল ৪ ও শামিম ২ রান করে আউট হন। পঞ্চম উইকেটে মাহমুদুল্লাহ ও আফিফ জুটির ৪৩ বলে ৬৩ রান দলকে ম্যাচে রেখেছিল।
কিন্তু ২ ওভারে প্রয়োজন ৪৬ রান নিতে পারেনি বাংলাদেশ। ২০ ওভারে ৮ উইকেটে ১৩৪ রান করে টাইগাররা। ৩৩ বলে ২টি চার ও ৩টি ছক্কায় ৪৯ রানে অপরাজিত থাকেন আফিফ।
ক্রিকেট/এসকেএম
















Leave a Reply