টাইগারদের বিশ্বকাপ যাত্রা নিয়ে শঙ্কা

৩ অক্টোবর ২০২১ (স্পোর্টস ডেস্ক): টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে আজ রাতে ওমান যাওয়ার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। কিন্তু শহীন নামের এক ঘূর্ণিঝড়ের কবলে এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। তাই আজ মাহমুদউল্লাহ বাহিনীর যাওয়া নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।

ঝড়ের কারণে ওমানের মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট সূচি বদল করা হয়েছে বলে এক টুইট বার্তায় বিষয়টি জানিয়েছে ওমান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

টুইটে বলা হয়, ঝুঁকি এড়াতে আর বিমানবন্দরে কাজ যেন ব্যাহত না হয় সে জন্য মস্কাট বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়ার অপেক্ষায় থাকা ও মাস্কাটে আগমনের অপেক্ষায় থাকা সব ফ্লাইট সূচি বদল করা হয়েছে।

বিশ্বকাপের জন্য রওনা দেয়ার আগে শনিবার বাংলাদেশ দলের ক্রিকেটারদের করোনা পরীক্ষা করানো হয়। পরীক্ষায় দলের সবাই নেগেটিভ হয়েছেন। সব ঠিক থাকলে বাংলাদেশ দলের ক্রিকেটারা ওমান পৌঁছে একদিনের কোয়ারেন্টাইনে থাকবেন। এরপর ৫ অক্টোবর থেকে শুরু হবে অনুশীলন। দলের সাথে ওমানেই জাতীয় দলের সব কোচিং স্টাফের যোগ দেয়ার কথা।

ওমানে টানা চারদিন অনুশীলনের পর আগামী ৯ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে যাবে বাংলাদেশ দল। সেখানে আয়ারল্যান্ড ও শ্রীলংকার বিপক্ষে ১২ ও ১৪ অক্টোবর আইসিসি আয়োজিত দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। ১৫ অক্টোবর ওমানে ফিরলে শুরু হবে বাংলাদেশ দলের বিশ্বকাপের মূল লাড়াই। ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে মাহমুদউল্লাহ বাহিনী। ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে ১৯ ও ২১ অক্টোবর প্রথম পর্বের বাকি দুইটি ম্যাচ খেলবে বাংলাদেশ।

এদিকে বিবিসি সূত্র জানিয়েছে, একটু দেরি হলেও এখন পর্যন্ত আজই বাংলাদেশ দলের ওমান সফর করার কথা। তবে বিষয়টি নিশ্চিত জানা যাবে সন্ধ্যার পর।

ক্রিকেট/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *