৩১ অক্টোবর ২০২০ (আন্তর্জাতিক ডেস্ক): বছরের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ফিলিপাইনের দিকে ধেয়ে আসছে। ঘূর্ণিঝড়ের কবল থেকে মানুষকে রক্ষা করতে দেশটির সরকার ব্যবস্থা নিয়েছে। জারি করেছে নানা নির্দেশনা।
শনিবার দেয়া হয়েছে উপকূলীয় এলাকার ২ লাখেরও বেশি নাগরিককে তাদের বাড়ি থেকে সরিয়ে আনার নির্দেশ। স্কুল ও জিমনেসিয়ামকে জরুরি আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
স্থানীয় আবহওয়া দফতর বাতাসের প্রবল গতি ও তীব্রতার বিষয়ে সবাইকে সতর্ক করেছে। জানাচ্ছে ভয়ংকর এই টাইফুনের সব শেষ গতিপথ।
আবহাওয়া বিভাগ জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘গনি’ রোববার ভোরে দক্ষিণ পূবের লুজন দ্বীপে আঘাত হানতে পারে। বিকেলে স্থলভাগে আঘাত হানার সময় বাতাসের গতিবেগ থাকতে পারে ঘন্টায় ২০৫ কিলোমিটার পর্যন্ত।
সপ্তাহখানেক আগে ঘূর্ণিঝড় মোলাভে’ ভিয়েতনামে আঘাত হানার আগে এই দ্বীপটিকে লণ্ডভণ্ড করে দিয়ে যায়। সে সময় মারা যান ২২ জন।
জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও পরিচালনা কাউন্সিলের মুখপাত্র মার্ক টিমবল আশঙ্কা করছেন, ঘূর্ণিঝড়ের কারণে ১০ ফুট উঁচু জলোচ্ছ্বাস ও ভূমিধস হতে পারে।
তিনি জানালেন, ঝড় পূব উপকূলের কাছাকাছি আঘাত হানার শঙ্কা থেকেই মায়ান ও তাল আগ্নেয়গিরির লাভা উদগীরণের বিষয়েও নজর রাখা হচ্ছে।
অন্তর্জাতিক/এসকেএম/আরএম















Leave a Reply