টিকটক-লাইকি নিষিদ্ধের আহ্বান

৫ জুন ২০২১ (নিউজ ডেস্ক): টিকটকসহ বিতর্কিত অ্যাপস নিষিদ্ধের আহ্বান জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। সংস্থাটির মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, বিতর্কিত এই অ্যাপগুলি নিষিদ্ধ করার সময় এসেছে।

শনিবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) আয়োজিত এক অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজন করে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা। এর বিষয় ছিল ‘কিশোর অপরাধ বৃদ্ধিতে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার’।

প্রধান অতিথির বক্তব্যে র‌্যাব প্রধান জানান, টিকটক, লাইকি-সহ বিভিন্ন মোবাইল অ্যাপ ব্যবহার করে সংঘটিত বিভিন্ন অপরাধের তালিকা করা হচ্ছে। তিনি বলেন, ৮২ শতাংশ মানুষ ব্যবহারকারী সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্ত থাকেন। বিভিন্ন অপরাধের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমও অনেকে ব্যবহার করেন।

তিনি হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, প্রযুক্তিকে গ্রহণ করে নেতিবাচক দিকগুলো পরিহার করতে হবে। অপরাধ করে পার পাওয়ার সুযোগ নেই। অপরাধ করে এখন আর কেউ পার পাচ্ছে না।

র‌্যাবের ডিজি অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কিশোর গ্যাং ও জঙ্গিবাদের মত যে কোন অপরাধের বিষয়ে সন্তানের প্রতি নজর রাখতে হবে। যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করলে অপরাধ কমে যাবে।

ডিজি র‌্যাব/টিটি/আরএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *