নিউজ ডেস্ক: বাংলাদেশের ভবিষ্যতের জন্য টেকসই অবকাঠামোগত উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনটাই বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। বলেন, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ আমাদের অবকাঠামোর জন্য গুরুতর চ্যালেঞ্জ তৈরি করেছে। স্থিতিস্থাপকতা তৈরি করতে ও স্থায়িত্ব নিশ্চিত করতে আমাদের উদ্ভাবন অত্যন্ত প্রয়োজন। আমাদের অবকাঠামো উন্নয়ন, জলবায়ু-স্থিতিস্থাপক অবকাঠামো নকশা এবং টেকসই অবকাঠামো ব্যবস্থাপনার জন্য স্মার্ট উপকরণ ও প্রযুক্তির মতো ক্ষেত্রগুলিতে গবেষণায় জোর দিতে হবে।
শনিবার রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) সেন্টার ফর স্মার্ট ইনফ্রাস্ট্রাকচার রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি সেন্টার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, অবকাঠামো খাতে কর্মরত পেশাজীবীদের প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির কর্মসূচি অত্যন্ত সময়োপযোগী। স্মার্ট ইনফ্রাস্ট্রাকচার রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি সেন্টারের প্রতিষ্ঠা বাংলাদেশে টেকসই অবকাঠামো সমাধানে গবেষণা ও উন্নয়নের অগ্রগতির দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
সারাদেশের বিশ্ববিদ্যালয়গুলোকে টেকসই অবকাঠামো উন্নয়নে গবেষণায় আরও জোর দেয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, সরকার এক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউর উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আবুল কাশেম মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিআরডি ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মুহাম্মদ ইব্রাহিম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মুজিবুর রহমান, প্রফেসর ডক্টর আফজাল আহমেদ।
সাবের হোসেন/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply