নিউজ ডেস্ক: দেশের উন্নয়ন কর্মকাণ্ডকে টেকসই করতে হলে বর্তমান সরকারের ধারাবাহিকতার কোন বিকল্প নেই। এমনটাই বলেছেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার। বলেন, এখন উন্নয়ন টেকসই করতে হবে। আর টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে সরকারেরর ধারাবাহিকতা অক্ষুন্ন রাখার প্রয়োজনীয়তা রয়েছে।
সোমবার দুপুরে নওগাঁর নিয়ামতপুর উপজেলায় ভাবিচা ইউনিয়নের আশেকপুর-বালাতৈড় সড়কে তালের চারা রোপন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সাধন চন্দ্র মজুমদার বলেন, তাল গাছ মানবজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা করে। এটি ফল দেয়, ছায়াও দেয়। বজ্রপাত রোধক হিসেবেও কাজ করে। এছাড়াও তালের রস ও গুড় অর্থনীতিতে ভূমিকা রাখে।
তিনি বলেন, আশির দশকে উপজেলার হাজিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকা অবস্থায় আমি ঘুঘুডাঙ্গা রাস্তায় তালগাছ রোপণ করেছিলাম। সেই সারি সারি তালগাছ এখন বড় হয়েছে, আকাশে উঁকি মারে। রাস্তাটি দর্শনীয় স্থান হিসেবেও দেশের বিভিন্ন প্রান্তের মানুষের নজর কেড়েছে।
মন্ত্রী বলেন, আমার দেখানো তালের চারা রোপন মডেল এখন অনেকেই অনুসরণ করছে। তালগাছ দেশের উপকারে আসছে দেখে আমার ভেতর ভালো লাগা কাজ করে।
এসময় তিনি তালের চারা রোপণ করে তার সঠিক পরিচর্যার প্রতি নজর দেয়ার আহ্বান জানান।
নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদ, নিয়ামতপুর উপেজলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল কালাম আজাদ ও ভাবিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল হক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় আশেকপুর-বালাতৈড় সড়কের দুই পাশে ৪শ’ তালের চারা রোপন করা হবে।
খাদ্যমন্ত্রী/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply