ট্যুইটারে নতুন সিইও নিয়োগ দিলেন ইলন মাস্ক

আন্তর্জাতিক ডেস্ক: জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্যুইটারে নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দেয়া হয়েছে বলে জানিয়েছেন ট্যুইটারের মালিক ও মার্কিন ধনকুবের ইলন মাস্ক। তবে ট্যুইটারের নতুন ওই প্রধান নির্বাহী কর্মকর্তার নাম ঘোষণা করেননি তিনি।

শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

পাশাপাশি শুক্রবার এক ট্যুইটবাতায় মাস্ক বলেন, আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে, স্পেসএক্স ও ট্যুইটারের জন্য একজন নতুন সিইও নিয়োগ দিয়েছি। তিনি আনুমানিক ছয় সপ্তাহের মধ্যে কাজ শুরু করবেন! আমার ভূমিকা এক্সিকিউটিভ চেয়ারম্যান এবং সিটিও হিসাবে রূপান্তরিত হবে, যা পণ্য ও সফটওয়্যার তত্ত্বাবধান করবে।

সোশ্যাল মিডিয়া জায়ান্ট ট্যুইটার কিনে নেয়ার পর থেকে একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন ইলেকট্রিক গাড়ি নির্মাতা ও প্রযুক্তি প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। এমনকি মাইক্রোব্লগিং এই প্ল্যাটফর্মে নানা পরিবর্তনও এনেছেন মার্কিন এই ধনকুবের।

আর এসব কারণেই ট্যুইটারের নেতৃত্ব দেয়ার জন্য অন্য কাউকে বেছে নিতে এবং নিজের অন্যান্য ব্যবসায় মনোযোগ দেয়ার জন্য চাপের মধ্যে রয়েছেন ইলন মাস্ক। গত বছর ট্যুইটার ব্যবহারকারীরা একটি অনলাইন পোলে মাস্ককে ট্যুইটারের প্রধান নির্বাহী পদ থেকে পদত্যাগ করার জন্য ভোট দেয়ার পরে তিনি বলেছিলেন: ‘কেউ এমন চাকরি চায় না যে আসলে ট্যুইটারকে বাঁচিয়ে রাখতে পারে।

গত অক্টোবরে মাস্ক ৪ হাজার ৪০০ কোটি ডলার দামে ট্যুইটার কেনেন। তবে টুইটার কেনার পর তিনি কোম্পানিতে ব্যাপক পরিবর্তন আনেন। শীর্ষ পর্যায়ের নির্বাহীদের তিনি চাকরিচ্যুত করেন। নিজেই সিইওর দায়িত্ব গ্রহণ করেন। পাশাপাশি তিনি গণহারে কর্মীও ছাঁটাই করেন।

ট্যুইটার/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *