ডব্লিউএইচওর অনুমোদন পেল চীনের সিনোভ্যাকের টিকা

০২ জুন ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, চীন):  চীনের সিনোভ্যাক বায়োটেক কোম্পানির ‘কোরোনাভ্যাক’ কোভিড টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

মঙ্গলবার ডব্লিউএইচও টিকাটি অনুমোদন করার কথা জানিয়েছে। এ নিয়ে চীনের উৎপাদিত করোনা ভাইরাসের দ্বিতীয় টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেল। খবর: বিবিসি।

বিশেষজ্ঞদের প্যানেল ১৮ বছরের বেশি বয়সিদের জন্য সিনোভ্যাকের এই টিকার দুই ডোজ সুপারিশ করেছে। দুই থেকে চার সপ্তাহ পর দ্বিতীয় ডোজ নেয়া যাবে।

এর আগে গত ৭ মে চীনের রাষ্ট্রায়ত্ত ওষুধ কোম্পানি সিনোফার্মের তৈরি দুটি টিকার মধ্যে বিবিআইবিপি-করভি জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছিল ডব্লিউএইচও।

চীনের সিনোভ্যাক বায়োটেক কোম্পানি জানিয়েছে, তারা মে মাসের শেষ নাগাদ দেশে-বিদেশে এই টিকার ৬০ কোটিরও বেশি ডোজ সরবরাহ করবে এবং ৪৩ কোটি ডোজ এরই মধ্যে মানুষকে দেওয়া হয়েছে।

করোনা ভ্যাকসিন/এসকেএম