ডিএনসিসিতে ডেঙ্গু রোগী শূন্যে নামাতে চেষ্টা অব্যাহত থাকবে

১০ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): ডিএনসিসি এলাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা রাজধানীর মোট আক্রান্তের মাত্র ২০ শতাংশ হলেও শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্যে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে। এমনটাই বলেছেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম।

মঙ্গলবার রাজধানীর উত্তরায় ৪ নম্বর সেক্টরে বাংলাদেশ ক্লাবে আয়োজিত এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিচালিত সবশেষ চিরুনি অভিযান সংক্রান্ত বিস্তারিত তথ্য-উপাত্ত তুলে ধরার সময় ডিএনসিসি মেয়র একথা বলেন।

তিনি বলেন, চলতি বছরের ২৭শে জুলাই থেকে ৯ই আগস্ট পর্যন্ত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় ১ লক্ষ ১০ হাজার ৯১টি স্থাপনা পরিদর্শন করে ৯ শত ৬৩টি স্থাপনায় এডিসের লার্ভা পাওয়া যায়। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বারা পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে ২ শত ৩৬টি মামলায় ৪৮ লক্ষ ৯৯ হাজার ৭ শত টাকা জরিমানা আদায় এবং ২৮টি নিয়মিত মামলা দায়ের করা হয়।

আতিকুল ইসলাম বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতায় সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গড়ে ওঠা সামাজিক আন্দোলনের সুফল হিসেবেই ডিএনসিসি এলাকায় এখনও ডেঙ্গু রোগী তুলনামূলক কম রয়েছে। এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া নির্মূল না হওয়া পর্যন্ত স্থানীয় কাউন্সিলরসহ ডিএনসিসির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীকে মাঠে সক্রিয় থাকার জন্য কঠোর দিকনির্দেশনা প্রদান করেন মেয়র।

মেয়র বলেন, নিজেদের বাসাবাড়িতে ফুলের টব অথবা বিভিন্ন ধরনের খোলা পাত্র, ছাদ কিংবা অন্য কোথাও যাতে তিন দিনের বেশি পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। ‘তিন দিনে এক দিন, জমা পানি ফেলে দিন’।

এসময় মেয়র অব্যবহৃত এই জিনিসগুলো নিকটস্থ ওয়ার্ড কাউন্সিলরের অফিসে জমাদানকারীকে পুরস্কৃত করার কথা পুনর্ব্যক্ত করেন।

এসময় অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জোবায়দুর রহমান এবং স্থানীয় কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

মেয়র আতিকুল ইসলাম/এসকেএম