ডিএনসিসি এলাকায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে

২১ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম বলেছেন, সুস্থতার জন্য গড়ে উঠা সামাজিক আন্দোলনের প্রভাবেই ডিএনসিসি এলাকায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

শনিবার রাজধানীর কল্যাণপুর এলাকায় ‘দশটায় ১০ মিনিট প্রতি শনিবার, নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার’ স্লোগানটির গুরুত্বসহ সার্বিক পরিস্থিতি তুলে ধরার সময় তিনি একথা বলেন।

এসময় মেয়র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২১ আগস্টের বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত সবাইকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে সব শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

তিনি বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতায় নগরবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সামাজিক আন্দোলনের সুফল হিসেবেই রাজধানীর অন্যান্য এলাকার তূলনায় ডিএনসিসি এলাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা তূলনামুলক অনেক কম। ডিএনসিসি এলাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা কম হলেও এটিকে শূন্যে কিংবা সহনীয় মাত্রায় নামিয়ে আনার জন্য সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

মেয়র বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল ২০ আগস্ট মহানগরীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ২১২ জন ডেঙ্গু রোগীর মধ্যে ডিএনসিসি এলাকার ডেঙ্গু রোগী রয়েছেন মাত্র ৪৬ জন।

তিনি বলেন, নগরবাসীর কল্যাণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৬টি নগর স্বাস্থ্যকেন্দ্রেই ডেঙ্গু রোগের ফ্রি পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। নিজেদের সুস্থতার জন্যই সবাই মিলে ‘দশটায় ১০ মিনিট প্রতি শনিবার, নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার’ এই স্লোাগানটিকে বাস্তবায়নের মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছন্নতায় সামাজিক আন্দোলনকে সফল করতে হবে।

এসময় ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জোবায়দুর রহমান এবং স্থানীয় কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

মেয়র আতিক/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *