নিউজ ডেস্ক: ডেঙ্গি পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পর্যাপ্ত প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
বুধবার সকালে শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার হাসপাতাল ও ইন্সটিটিউটের অডিটোরিয়াম হলে জাতির পিতার কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও মাল্টি পারপাস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি একথা বলেন।
জাহিদ মালেক বলেন, ডেঙ্গি পরিস্থিতি বৃদ্ধির জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনও হাত থাকেনা। স্বাস্থ্যখাত চিকিৎসা দিতে পারে। কিন্তু মশা মারার কাজ স্বাস্থ্যখাতের নয়। ডেঙ্গি রোগী বৃদ্ধি পাওয়ার সাথে সাথেই স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পর্যাপ্ত প্রস্তুতি নেয়া হয়েছে।
তিনি বলেন, ডেঙ্গির প্রকোপ বাড়ার সাথে সাথে ডেঙ্গু রোগীদের জন্যে দ্রুততম সময়ে ঢাকার ডিএনসিসি হাসপাতালের এক হাজার বেড থেকে পাঁচশ’ এবং বিএসএমএমইউ এর নতুন নির্মিত ফিল্ড হাসপাতালের ৪০০ বেড প্রস্তুত করা হয়েছে। লাগলে আরও বৃদ্ধি করা হবে বলে জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, তবে মশা কমাতে হবে, এবং একই সাথে দেশের মানুষকে মশা যাতে না কামড়াতে পারে সে বিষয়েও সচেতন থাকতে হবে। বাড়িতে রাতে ঘুমানোর আগে মশারি লাগিয়ে ঘুমাতে হবে এবং বাসা বাড়ি পরিচ্ছন্ন রাখতে হবে।
স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ডক্টর মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে সভায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম, জাতীয় অধ্যাপক ডাক্তার মাহমুদ হাসান, স্বাচিপ সভাপতি অধ্যাপক ইকবাল আর্সলান, এবং গ্যাস্ট্রো লিভার হাসপাতাল ও ইন্সটিটিউটের পরিচালক ডাক্তার গোলাম কিবরিয়াসহ অন্যরা বক্তব্য রাখেন।
অনুষ্ঠান শুরুর আগে শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার হাসপাতাল ও ইন্সটিটিউট ভবনে অবস্থিত বহুতল মাল্টি পারপাস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্বাস্থ্যমন্ত্রী।
নাটোর/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply