২৫ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম বলেছেন, এডিস মশা এবং ডেঙ্গু মোকাবেলায় আলেম সমাজের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।
মঙ্গলবার উত্তরা কমিউনিটি সেন্টারে ‘সুস্থ্যতার জন্য সামাজিক আন্দোলন’ শীর্ষক আলোচনা ও মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় মেয়র একথা বলেন।
ডিএনসিসি মেয়র বলেন, মেয়র কিংবা কাউন্সিলর কারও একার পক্ষেই এডিস মশা ও ডেঙ্গু মোকাবেলা করা সম্ভব নয়। সমাজের সর্বস্তরের মানুষের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে সামাজিক আন্দোলনের মাধ্যমে এডিস মশা ও ডেঙ্গু মোকাবেলা করতে হবে।
তিনি বলেন, মসজিদের ইমাম বা খতিবরা শুক্রবারের জুম্মার নামাজের খুতবায় এবং পাঁচ ওয়াক্ত নামাজের সুবিধাজনক সময়ে মসজিদে আগত মুসল্লিদের উদ্দ্যেশ্যে জনসচেতনতামূলক বার্তা প্রচারের মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছন্নতায় চলমান সামাজিক আন্দোলনকে আরও জোরদার করতে পারেন।
মেয়র বলেন, নিজেদের বাসাবাড়িতে ফুলের টব, ডাবের খোসাসহ বিভিন্ন ধরনের খোলা পাত্র, ছাদ কিংবা অন্য কোথাও যাতে তিন দিনের বেশি পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। তিনি অব্যবহৃত এই জিনিসগুলো ডিএনসিসির আঞ্চলিক অফিস অথবা নিকটস্থ ওয়ার্ড কাউন্সিলরের অফিসে জমাদানকারীকে পুরস্কৃত করার কথা আবারও পুনর্ব্যক্ত করেন।
তিনি বলেন, সুস্থতার জন্য সবাই মিলে ‘দশটায় ১০ মিনিট প্রতি শনিবার, নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার’ স্লোগানটিকে বাস্তবায়ন করতে হবে।
ঢাকা-১৮ আসনের ৮টি থানার বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান এবং সংশ্লিষ্ট কাউন্সিলর উপস্থিত ছিলেন।
মেয়র আতিকুল ইসলাম/এসকেএম
















Leave a Reply