জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘরের প্রধান উপদেষ্টা, সাবেক চেয়ারম্যান, প্রগতির বাতিঘর অধ্যাপক ডক্টর আলী আসগরের প্রতি শ্রদ্ধা নিবেদনে অনুষ্ঠান আয়োজন করেছে খেলাঘর পরিবার।
২৫ জুলাই শনিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম মিলনায়তনে এ অনুষ্ঠান হবে।
খেলাঘরের সাবেক সাধারণ সম্পাদক আবদুল আজীজ জানিয়েছেন, খেলাঘরের সাবেক ও বর্তমান সংগঠক ও কর্মীদের নিয়ে এ আয়োজন করা হয়েছে। তবে করোনা পরিস্থিতির কারণে সীমিত আকারে অনুষ্ঠান হবে।
তিনি জানান, বিভিন্ন ব্যক্তি ও সংগঠন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পদার্থবিদ ডক্টর আলী আসগরের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করবেন। অনুষ্ঠানের শুরুতে গান পরিবেশন করবেন উদীচী শিল্পী গোষ্ঠীর শিল্পীরা। এছাড়া খেলাঘরের সাবেক ও বর্তমান সংগঠক, বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা স্মৃতিচারণ করবেন।
উল্লেখ্য, বিজ্ঞান মনষ্ক জাতি গঠনে দেশে বিজ্ঞান আন্দোলনের অন্যতম পথিকৃৎ অধ্যাপক আলী আসগর বার্ধক্যজনিত কারণে গত ১৬ জুলাই মারা যান। তিনি প্রায় দুই যুগ দেশের বৃহত্তম শিশু-কিশোর সংগঠন খেলাঘরের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।














Leave a Reply