২২ ডিসেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমে পরীক্ষামূলক যাত্রাপথে সূচনার মাধ্যমে ধীরে ধীরে ঢাকা শহরের পুরও গণপরিবহনে শৃঙ্খলা ফিরে আসবে। এমনটাই বলেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
বুধবার সাপ্তাহিক নিয়মিত পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে নগরীর শংকরে পথচারী পারাপার সেতুর উদ্বোধন শেষে মেয়র গণমাধ্যমের সাথে আলাপকালে এই আশাবাদ ব্যক্ত করেন।
ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, আপনারা জানেন আমাদের বাস রুট রেশেনালাইজেশন কার্যক্রম চলছে। আগামী ২৬ ডিসেম্বর আমাদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এই কার্যক্রম শুভ উদ্বোধন করবেন। এর প্রেক্ষিতে, যাত্রী ছাউনি, অবকাঠামো উন্নয়ন এবং বাস-বে নির্মাণ করা করা হচ্ছে। আমরা সেগুলো পরিদর্শন করছি। আপনার লক্ষ্য করেছেন, শংকরের এখানেই একটি যাত্রী ছাউনি নির্মাণ করা হয়েছে। আমরা নতুন নকশায় নান্দনিক এই যাত্রী ছাউনি নির্মাণ করেছি। আমরা আশাবাদী যে, আগামী ২৬ ডিসেম্বর থেকে এই যাত্রাপথে সূচনার মাধ্যমে ঢাকা শহরের পুরও গণপরিবহনে একটি শৃঙ্খলা ফিরে আসা শুরু করবে।
এ সময় আগামী বছরের মধ্যে পুরো গ্রীন ক্লাস্টারে বাস রুট রেশনালাইজেশন কার্যক্রম সম্পন্ন করার মাধ্যমে ঢাকাবাসীকে সুফল দেয়ার প্রত্যয় ব্যক্ত করে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস। বলেন, উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় আমাদের যে সব অবকাঠামো উন্নয়ন প্রয়োজন ছিল। আমরা তোডজোড় করে সে কাজগুলো সম্পন্ন করছি। আশা করি, আগামী ২০২২ সালের মাধ্যেই এর পূর্ণ বাস্তবায়ন হলে ঢাকাবাসী এর যথাযথ সুফল পাবে।
মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, ধানমন্ডি ও শংকর এলাকার জনগণের দীর্ঘদিনের একটা দাবি ছিল, এখানে একটি পথচারী পারাপার সেতু নির্মাণের। এটা দীর্ঘদিন ঝুলে ছিল, অনেকটা বাতিল অবস্থায় ছিল। আমরা দীর্ঘ প্রতীক্ষিত সেই সেতুর নির্মাণ সম্পন্ন করতে পেরেছি।
এ সময় করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর সিতওয়াত নাঈম, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, সচিব আকরামুজ্জামান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ফজলে শামসুল কবিরসহ অন্যরা উপস্থিত ছিলেন।
শেখ ফজলে নূর তাপস/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:















