ঢাকায় ২৩ লাখ মানুষ পাবেন কলেরার টিকা

১৩ এপ্রিল ২০২২ (নিউজ ডেস্ক): ডায়রিয়া ও কলেরার প্রাদুর্ভাব রোধে ঢাকায় ২৩ লাখ মানুষকে কলেরার টিকা দেয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডাক্তার নাজমুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, এ বছর রাজধানী ঢাকায় ২৩ লাখ মানুষকে কলেরার টিকা দেয়া হবে। এক বছর বয়স থেকে বড় সব বয়সি মানুষ কলেরার টিকা পাবেন। শুধু অন্তঃসত্ত্বা নারীরা টিকা পাবেন না।

কলেরার জন্য ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত রাজধানীর পাঁচটি স্থানে কলেরার টিকা দেয়া হবে। এ জায়গাগুলো হলো, যাত্রাবাড়ি, দক্ষিণখান, মিরপুর, মোহাম্মদপুর, সবুজবাগ।

মে মাসে প্রথম ডোজ দেয়া হবে এবং জুন মাসে দেয়া হবে দ্বিতীয় ডোজ।

সারা দেশে কেন টিকা দেয়া হবে না- এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র বলেন, টিকার এখন খুব সংকট। নাইজেরিয়া থেকে টিকা কেটে আমাদের দেয়া হয়েছে।

রাজধানী ঢাকার মধ্যে সবচেয়ে বেশি রোগী যাত্রাবাড়ী এলাকায়। যাত্রাবাড়ীতে এত বেশি কেন এমন প্রশ্নে নাজমুল বলেন, নিরাপদ পানির সংকটের কারণে। সাপ্লাই লাইনে কিন্তু সমস্যা আছে। পানির সমস্যা সমাধান না হলে তা হলে এটা থেকেই যাবে। যে পানি আমি ব্যবহার করব, তা নিজ দায়িত্বে নিরাপদ করে নিতে হবে।

এ প্রসঙ্গে নাজমুল ইসলাম বলেন, আমরা এ পর্যন্ত চারটি মৃত্যুর তথ্য পেয়েছি। আইসিডিডিআরবি একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান। তারা আমাদের কাছে এখনও আনুষ্ঠানিকভাবে সেই তথ্য হস্তান্তর করেনি। করলে আমরা সেগুলো বিশ্লেষণ করে দেখব।

স্বাস্থ্য অধিদপ্তর/এসকেএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ