১৯ ডিসেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): বিজয়ের মাসে ঢাকাবাসীর জন্য উপহার হিসেবে আগামী ২৬ ডিসেম্বর চালু হচ্ছে ‘ঢাকা নগর পরিবহন’। বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমের অংশ হিসাবে প্রথম পরীক্ষামূলক এই পরিবহন চালু হচ্ছে। বিআরটিসি’র ৩০টি ডাবল ডেকার বাসসহ ৫০টি বাস দিয়ে পরীক্ষামূলক এই রুট চালু করা হচ্ছে।
রোববার বিকেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) নগর ভবনের বুড়িগঙ্গা হলে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২০তম সভা অনুষ্ঠিত হয়ে। সভা শেষে সাংবাদিকদেরকে এ তথ্য জানান ঢাদসিক মেয়র ও বাস রুট রেশনালাইজেশন কমিটির সভাপতি ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
তিনি বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে, বিজয়ের এই মাসে আমরা একটি সুখবর দিতে চাই। আমরা ঢাকাবাসীকে যে শৃঙ্খলবদ্ধ গণপরিবহন ব্যবস্থা চালুর প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেই লক্ষ্যে, আগামী ২৬ ডিসেম্বর তারিখে শুভ সূচনা করতে যাচ্ছি দীর্ঘ প্রতীক্ষিত ঢাকা নগর পরিবহণের। এই বিজয়ের মাসে ঢাকাবাসীর জন্য উপহার হিসেবে ঘাটারচর থেকে মতিঝিল হয়ে কাচঁপুর পর্যন্ত আমাদের পরীক্ষামূলক এই যাত্রাপথ চালু হবে।
পরীক্ষামূলকভাবে চালু হতে যাওয়া রুটে যে কয়টি বাসের রুট পারমিট আছে সেগুলোকে এই গ্রীন ক্লাস্টারের অন্য রুটে সমন্বয় করে দেয়া হবে জানিয়ে মেয়র বলেন, এ সমন্বয়ে একটু সময় লাগবে। আমরা নির্ধারণ করেছি, আগামী ৩১ জানুয়ারির মধ্যে এই সমন্বয়টা করে দেবো। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ এগুলোকে সার্বক্ষণিক তদারকি করছে। আগামী ৬০ দিনের মধ্যে এই রুটের সব নতুন গাড়ি চলে আসবে।
সভায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি (বিআরটিএ) চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ তাজুল ইসলাম, রাজউক চেয়ারম্যান এবিএম আমিন উল্লাহ নুরী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নিবার্হী কর্মকর্তা ফরিদ আহম্মদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ, গণপরিবহন বিশেষজ্ঞ ডক্টর এসএম সালেহ উদ্দিনসহ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ঢাকা নগর পরিবহন/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply