নিউজ ডেস্ক: খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুবসমাজকে সম্পৃক্ত করতে চেষ্টা করে যাচ্ছি। এ লক্ষ্যে ঢাকা শহরের সব খেলার মাঠ উদ্ধার করা হবে। এমনটাই বলেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম।
রোববার রাজধানীর সরকারি তিতুমীর কলেজের আন্তঃবিভাগীয় ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মেয়র বলেন, মিরপুরে প্যারিস রোডের মাঠের জায়গায় ৩১টি প্লট হয়ে গিয়েছিল- তা উদ্ধার করেছি। এখন সেটি একটি মাঠ। বর্তমানে সেখানে সবাই খেলাধুলা করতে পারছে। আমাদেরকে আপনারা জানান কোথায় মাঠ দখল হয়ে আছে, সবাইকে সাথে নিয়ে ঢাকা শহরের মাঠগুলো উদ্ধার করব।
তিনি বলেন, শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা খুবই জরুরি। খেলাধুলা নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্কোন্নয়নে ভূমিকা রাখে। শুধু বিদ্যা অর্জন নয়, প্রকৃত শিক্ষা অর্জন করতে হবে। নৈতিকতার শিক্ষা অর্জন করতে হবে। বড়দের ও শিক্ষকদের শ্রদ্ধা করতে হবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলায়ও অংশ নিতে হবে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে মেয়র বলেন, খেলাধুলা ও বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হবে। ছেলেদের পাশাপাশি মেয়েদেরও এতে অংশগ্রহণ বাড়াতে হবে। আমাদের নারীরা অনেক এগিয়ে গেছে। কিছুদিন আগে নারী ফুটবল দল চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে।
এসময় তিতুমীর কলেজের শিক্ষার্থীদের খেলাধুলায় প্রয়োজনীয় সরঞ্জাম দেয়ার ঘোষণা দেন ডিএনসিসি মেয়র।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মহিউদ্দিন। অধ্যক্ষের দাবির প্রেক্ষিতে মেয়র তিতুমীর কলেজের সামনের রাস্তা ও ফুটপাত দ্রুত সময়ে সম্পন্ন করার ঘোষণা দেন।
বক্তৃতা শেষে মেয়র আতিকুল ইসলাম বেলুন উড়িয়ে সরকারি তিতুমীর কলেজের আন্তঃবিভাগীয় ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন টুর্ণামেন্ট আয়োজনের আহ্বায়ক শিক্ষক মোজাফফর হোসেন, ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ নাছির, ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ শফিকুল ইসলাম, তিতুমীর কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মালেকা বানুসহ শিক্ষক ও শিক্ষার্থীরা।
মেয়র আতিক/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply