ঢাকেশ্বরী মন্দিরে লিফট স্থাপনসহ আনুষঙ্গিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নাধীন

১৩ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক): প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিপ্রায় অনুযায়ী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে লিফট স্থাপনসহ অন্যান্য আনুষঙ্গিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এমনটাই জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বুধবার সন্ধ্যায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে চলমান দুর্গাপূজা উদযাপন কার্যক্রম পরিদর্শন শেষে মন্দির প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত বক্তব্যে মেয়র এই কথা জানান।

ঢাদসিক মেয়র শেখ তাপস বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সবসময়ই ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উন্নয়নে পাশে আছে। তারই ধারাবাহিকতায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিপ্রায় অনুযায়ী মন্দিরের মূল ভবনে পূজারীদের সুবিধার্থে একটি লিফটসহ অন্যান্য আনুষঙ্গিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। আমরা আশা করছি, আগামী ডিসেম্বরের মধ্যেই এ কার্যক্রম সমাপ্ত হবে।

তিনি বলেন, বরাবরের মতো এবারও করপোরেশন এলাকার সব পূজামণ্ডপকে সহযোগিতা করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বরাবরই ঢাকা শহরে যতগুলো পূজামণ্ডপ আছে, সেগুলোকে সহযোগিতা করে থাকে। এবারও ঢাকেশ্বরী মন্দিরসহ দক্ষিণ সিটিতে যেসব মন্দির ও মণ্ডপে পূজা আয়োজন করা হচ্ছে, সেগুলোকে অনুদান প্রদান করা হয়েছে। আপনারা যে কোন সময় যে কোন বিষয়ে আমাদেরকে জানালে, আমরা আপনাদের পাশে থাকব।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজি সেলিমের পক্ষে তার সন্তান ও দক্ষিণ সিটির ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ ইরফান সেলিম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সহ-সভাপতি ডাক্তার দিলীপ রায়, দক্ষিণ সিটির ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওমর বিন আব্দাল আজিজ, ২৫ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ হাসিবুর রহমান মানিকসহ অন্যরা বক্তব্য রাখেন।

মহানগর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক কিশোর রঞ্জন মণ্ডলের সঞ্চালনায় এবং কমিটির সভাপতি শৈলেন্দ্রনাথ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে দক্ষিণ সিটির সচিব আকরামুজ্জামান, ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ মোহাম্মদ আলমগীর উপস্থিত ছিলেন।

মেয়র শেখ ফজলে নূর তাপস/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *