আন্তর্জাতিক ডেস্ক: তাইওয়ানের চারপাশে সামরিক মহড়া শুরু করেছে চীন। শনিবার শুরু হওয়া এ মহড়া চলবে তিন দিন।
চীনা পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ইস্টার্ন থিয়েটার কমান্ড এক বিবৃতিতে জানায়, তাইওয়ান প্রণালিতে ৮-১০ এপ্রিল ‘যুদ্ধ প্রস্তুতির টহল’ বা মহড়া চলবে। খবর: সিএনএন ও রয়টার্স।
কমান্ড মুখপাত্র সিনিয়র কর্নেল শি ইয়ি বলেন, ইউনাইটেড শার্প সোর্ড তাইওয়ানের উত্তর-দক্ষিণে এবং পূর্বে সমুদ্র ও আকাশপথে এ সামরিক মহড়ায় সম্পৃক্ত থাকবে।
তাইওয়ানের উত্তর, দক্ষিণ ও পূর্ব সীমান্তের জলরাশির আকাশসীমায় চীনের যুদ্ধবিমানগুলো মহড়ায় অংশ নেয়ার কথা রয়েছে বলে জানান তিনি।
তাইওয়ানের প্রেসিডেন্ট সাই উত্তর আমেরিকা সফর শেষে দেশে ফেরার পথে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থির সাথে সাক্ষাৎ করেন। তবে চীন আগেই হুশিয়ারি উচ্চারণ করে বলেছিল, এ ধরনের বৈঠকের পরিণাম হবে ভয়াবহ।
গত বছরের আগস্টের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি যখন তাইওয়ান সফর করেন, সেই সময়ও তাইওয়ানকে ঘিরে সামরিক মহড়া চালায় চীনের সামরিক বাহিনী। এবার তাইওয়ানের প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্র সফরের শেষে মহড়া চালাচ্ছে চীন।
এদিকে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এ ধরনের মহড়া আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। এরই মধ্যে শনিবার স্থানীয় সময় ভোর ৬টায় তিনটি জাহাজ ও ১৩টি বিমান দেখা গেছে। শনাক্ত করা বিমানগুলোর মধ্যে ৪টি তাইওয়ান প্রণালির মধ্যরেখা অতিক্রম করেছে এবং তাইওয়ানের দক্ষিণ-পূর্ব এডিআইজেড অঞ্চলে প্রবেশ করেছে।
চীন/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply